নির্মাণকাজের ত্রুটি ধরেছিল গ্রামবাসী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের কাজ নিম্নমানের হচ্ছে বলে গ্রামবাসী আগেই অভিযোগ করেছিল। সে অভিযোগে কান না দিয়ে ঠিকাদারকে বেশির ভাগ বিলই দিয়ে দেন প্রকৌশলী। পরে ওই প্রকৌশলী বদলি হয়ে যাওয়ার পর পরীক্ষায় প্রমাণিত হয়, সত্যিই নিম্নমানের কাজ হচ্ছে। তাই এখন ভেঙে ফেলা হচ্ছে ওই সম্প্রসারিত ভবনের কাজ।
এই নির্মাণকাজ চলছিল রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটি প্রায় ২৩ লাখ টাকার কাজ। এলাকার কলেজশিক্ষক নবাব আলী বলেন, প্লাস্টারের সময় এলাকাবাসী খেয়াল করে, একেবারেই নিম্নমানের কাজ করা হচ্ছে। বিষয়টি নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা উপসহকারী প্রকৌশলী তাজিমুল হককে বলা হয়। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী বিষয়টি বাঘা উপজেলা প্রকৌশলী ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান গত ৮ আগস্ট সরেজমিনে এসে বলেন, কাজের মান নিশ্চিত হতে এর নমুনা গবেষণাগারে পরীক্ষা করাতে হবে।
শিক্ষক নবাব আলী আরও বলেন, তবে পরীক্ষার ফল পাওয়ার আগেই ঠিকাদারকে বিল দিয়ে দেওয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর ঠিকাদার ভবনটি রং করার জন্য মিস্ত্রি পাঠান। এ সময় গ্রামবাসীর বাধায় তারা ফিরে যায়। এরই মধ্যে প্রকৌশলী তাজিমুল হক ও উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান বদলি হয়ে যান। নতুন প্রকৌশলীরা এসে নিম্নমানের কাজ দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। অভিযোগ পেয়ে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে ভবনের প্লাস্টার ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এক সপ্তাহ ধরে মিস্ত্রিরা সেই কাজ করছেন।
বর্তমান উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, নিম্নমানের প্লাস্টার তুলে নতুন করে করা হচ্ছে।
তবে উপসহকারী প্রকৌশলী তাজিমুল হক গতকাল বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ঠিকাদারের দ্বন্দ্ব ছিল। তাই তিনি ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তবে প্লাস্টার ভেঙে ফেলার বিষয়টি তিনি আর জানেন না।
এদিকে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।