নির্মাণকালীন দুর্ঘটনার দায় ভবনমালিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) আওতাধীন এলাকায় ইমারত নির্মাণস্থলে যেকোনো দুর্ঘটনার দায়দায়িত্ব ভবনমালিকের। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো, ভূমিধস রোধ, কর্মরত নির্মাণশ্রমিকদের নিরাপত্তা বিধান, আশপাশের ভবন, অবকাঠামো ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ভবনমালিক বা নির্মাণপ্রতিষ্ঠানের। গতকাল বৃহস্পতিবার গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৬; ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮ এবং ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এ দুর্ঘটনাসহ অন্যান্য বিষয়ে দায়দায়িত্ব সুনির্দিষ্ট করা আছে। ইমারত নির্মাণ বিধিমালাসহ অন্যান্য বিধিমালা অনুসরণ করে অভিজ্ঞ প্রকৌশলীর তত্ত্বাবধানে ভবন নির্মাণ ও নির্মাণকালীন সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য মালিক ও নির্মাতাপ্রতিষ্ঠানকে রাজউক অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৬-এ বলা হয়েছে, নির্মাণকাজ পরিদর্শন, ব্যবহৃত উপকরণের গুণগত সঠিক মান নিশ্চিত করা, নির্বিঘ্ন কাজ সম্পাদন এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নির্মাণাধীন ইমারতের মালিক বা নিয়োগ করা পেশাজীবীর। এ ছাড়া ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর ১৮(৩) বিধিতে বলা হয়েছে, নকশার পর্যাপ্ততা ও উপযুক্ততার দায়িত্বভার নকশার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি বা প্রকৌশলীর ওপর বর্তাবে। বিজ্ঞপ্তি।