নির্মাণত্রুটি নির্ণয়ে কারিগরি কমিটি গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বাটালি পাহাড়ের প্রতিরক্ষা-দেয়াল ধসে ১৭ জনের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত চট্টগ্রাম জেলা প্রশাসনের কমিটি গতকাল বুধবার প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে দেয়ালের নির্মাণগত ত্রুটি নির্ণয়ে কারিগরি কমিটি গঠন ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে।তদন্ত কমিটি তাদের নয় দফা সুপারিশসংবলিত এ প্রতিবেদন সন্ধ্যায় জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের কাছে জমা দেয়। তিন পৃষ্ঠার প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে দুই স্তরবিশিষ্ট দেয়ালটিতে পানি অপসারণের কোনো ছিদ্র না থাকা ও দেয়ালের নিচের দিকের মাটি সরিয়ে নেওয়াকে দায়ী করা হয়।প্রতিবেদনে ‘শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি’ কর্তৃক এর আগে চিহ্নিত ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেরও সুপারিশ করা হয়। পাশাপাশি অন্যান্য পাহাড়ের প্রতিরোধ-দেয়াল ঠিক আছে কি না, তা দেখার এবং সেগুলো রক্ষণাবেক্ষণের সুপারিশ করা হয়।১ জুলাই সকালে বাটালি হিলের প্রতিরোধ-দেয়ালসহ ভূমিধসে ১৭ জন মারা যায়। ওই দিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহীকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।এহছানে এলাহী বলেন, ‘আমরা একটি কারিগরি কমিটি গঠনের সুপারিশসহ নয় দফা সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছি। মূলত দেয়ালধসেই এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে কোনো ছিদ্র করা ছিল না। অন্যান্য পাহাড় থেকেও ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে।’সুপারিশগুলোর মধ্যে রয়েছে ওই দেয়ালের নিচে এখনো যারা বসবাস করছে, তাদের সরিয়ে নেওয়া, বাটালি পাহাড়সহ অন্যান্য পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, যারা পাহাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।জেলা প্রশাসনের এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন রেলওয়ের সহকারী ভূসম্পদ কর্মকর্তা মো. আবদুল বারী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. মঞ্জুর মোরশেদ।ওই দুর্ঘটনার পর চট্টগ্রাম সিটি করপোরেশনও তদন্ত কমিটি গঠন করেছে।