নির্মাণবিধি মানা হচ্ছে না, মানানোরও কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতীয় নির্মাণবিধি (ন্যাশনাল বিল্ডিং কোড) মানছেন না বেশির ভাগ বাড়ির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠান। এই বিধি মানানোর জন্য কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও আজ পর্যন্ত গঠিত হয়নি। অথচ ১৯৯৩ সালে জাতীয় নির্মাণবিধি প্রণীত হয়। ২০০৬ সালে গেজেট হয়ে পরে আইনে পরিণত হলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া যায়।
জাতীয় নির্মাণবিধি প্রণয়নের সময় স্টিয়ারিং কমিটির সদস্য এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এই বিধিটি অনুসরণ করা হলে ভূমিকম্পে মৃত্যু ও ক্ষয়ক্ষতি অনেক কম হতো। তিনি বলেন, এখন পর্যন্ত এই বিধি মানানোর জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ না থাকলেও এ বিষয়ে রাজউকের কাজ করার কথা, কিন্তু বাস্তবে তাও করা হয় না। চোখের সামনে দেখা যায় এই বিধি অনুসরণ না করে বাড়ি নির্মাণ করতে। রাজউককে বললে ব্যবস্থা নেয় না।
রাজউকেরই শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা এসব অভিযোগ স্বীকার করে বলেন, বর্তমানে যেসব ভবনের নকশা অনুমোদিত হয়, তাতে জাতীয় নির্মাণবিধি অনুসরণ করার শর্ত থাকে। কিন্তু আসলেই তা করা হচ্ছে কি না, মাঠপর্যায়ে দেখা হয় না। তিনি বলেন, বর্তমানে রাজধানীতে হাজারের বেশি ভবন তৈরি হচ্ছে, এগুলোর মধ্যে ১০০টিতেও কোনো তদারক দল যায় না।
ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় নির্মাণবিধি অনুসরণ না করার কিছুটা অভিযোগ রয়েছে গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধেও। তবে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী এ বিষয়ে বলেন, গণপূর্ত অধিদপ্তর যেসব ভবন তৈরি করে, তার নকশাতেই রয়েছে জাতীয় নির্মাণবিধি অনুসরণ করার কথা। অধিদপ্তরের তদারক দল এ বিষয়ে কাজও করে। না করলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়।
রাজউকের সদস্য (উন্নয়ন) আবদুর রহমান বলেন, রাজউক যেহেতু নকশা অনুমোদন করে, তাই নির্মাণবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব রাজউকেরই। কিন্তু রাজউকের লোকবলের বিষয়টিও দেখা উচিত। অবশ্য তদারকি করার জন্য কিছু পরিদর্শক নিয়োগ করা হচ্ছে।
অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে: ১৯৯৩ সালে প্রণীত নির্মাণবিধিতে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিষয়ে বিস্তারিত উল্লেখ ছিল না। জাতীয় বিল্ডিং কোড ২০১৫-তে (দ্বিতীয় সংস্করণ) তা যোগ হয়েছে। এতে কর্তৃপক্ষের কাঠামো বিষয়ে বলা আছে, স্থপতি, প্রকৌশলী, আবাসনসংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ পাঁচজন সদস্য থাকবেন। একজন হবেন চেয়ারম্যান।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আবু সাদেক প্রথম আলোকে বলেন, ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে কোন কোন কর্তৃপক্ষ কাজ করতে পারে, প্রস্তাবে তা বলা হয়েছে। এই কর্তৃপক্ষ শুধু রাজধানীর জন্য নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়ার জন্য কাজ করবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ফখরুল আমিন বলেন, যিনি ভবন তৈরি করবেন, তাঁকেই নির্মাণবিধি পালন বিষয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভূমিমালিকদের সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর চুক্তি থাকে যে ভবন নির্মাণের যাবতীয় বিষয়ে জাতীয় নির্মাণবিধি অনুসরণ করতে হবে, কিন্তু বাস্তবে তা হয় না।