নির্মাণশিল্পে নারী প্রকৌশলী ও স্থপতি
২৬ ফেব্রুয়ারি ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘নির্মাণশিল্পে নারী প্রকৌশলী ও স্থপতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

আলোচনা
আব্দুল কাইয়ুম: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজকের এই আলোচনা। কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে আসছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশে ২০১০ সালে কর্মজীবী নারীর অংশগ্রহণ ছিল ৩৬ শতাংশ। পরে িকছু কমেছে। এখন হয়তো অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। প্রায় সব ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। প্রকৌশল ও স্থাপত্য পেশায় নারীদের ভূমিকা উল্লেখযোগ্য। এই পেশায় তঁাদের অনেক সম্ভাবনা আছে। আবার সমস্যা এবং চ্যালেঞ্জও রয়েছে।
নির্মাণশিল্পে এই চ্যালেঞ্জটা আরও বেশি। নারীরা বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় সফলতার সঙ্গে কাজ করছেন। এ সবই আজকের আলোচনার বিষয়। এখন এ বিষয়ে সূচনা বক্তব্য দেবেন ইকরাম আহমেদ।

ইকরাম আহমেদ: নারীদের এখনো পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে এগোতে হচ্ছে। কিছু সময়ের জন্য এটা হয়তো ঠিক আছে। কিন্তু একটা সময়ে এর পরিসমাপ্তি ঘটাতে হবে। এমন অবস্থায় পৌঁছাতে হবে যেন নারী-পুরুষনির্বিশেষে সবাই এগিয়ে যেতে পারে। আজকের আলোচনার শিরোনাম অত্যন্ত সময়োপযোগী।
নারীদের উন্নতি ও অগ্রগতির বিষয়গুলো সবার সামনে আনা প্রয়োজন। নারীরা প্রতিনিয়ত সফলতা অর্জন করছেন। আমরা আশাবাদী, ভবিষ্যতে তঁাদের পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে এগোতে হবে না, কোনো প্রতিযোগীও থাকবে না। নারী-পুরুষ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।

নাইম আহমেদ খান: এখন নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। কিন্তু নির্মাণশিল্পে হয়তো পুরুষের প্রাধান্য বেশি। ১৯৭৭ সালে বুয়েটে প্রথম বর্ষের ছাত্র ছিলাম। তখন ২১২ জন শিক্ষার্থীর মধ্যে দুজন ছিলেন নারী শিক্ষার্থী। এখন গড়ে ২০ শতাংশের বেশি নারী বুয়েটে পড়ছেন।
সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিচার বিভাগে এখন অনেক নারী কাজ করছেন। চ্যালেঞ্জিং পেশায়ও নারীরা অনেক উচ্চপদে সুনামের সঙ্গে কাজ করছেন। প্রকৌশল, স্থাপত্য— দুটিই চ্যালেঞ্জিং পেশা। নির্মাণের মতো উন্নয়নমূলক কাজ বেশি হয়, এমন কয়েকটি মন্ত্রণালয়ে কাজ করেছি। আমি রাজউকে দায়িত্ব পালনের সময় রাহাত মুসলেমীন সহকর্মী ছিলেন। তঁাকে অনেক দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি। নারী হিসেবে ঠিকাদারেরা তঁার কাছ থেকে কোনো সুবিধা নিতে পারেননি। একজন নারী স্থপতিও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আমি রেলওয়েতে দায়িত্ব পালনের সময়ও প্রধান পরিকল্পনাকারী হিসেবে একজন নারী দায়িত্ব পালন করেছেন। তঁার প্রতি রেলওয়ে কর্তৃপক্ষের অনেক আস্থা ছিল। কারণ, তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। সুযোগ দিলে ও চেষ্টা করলে নারীরা অনেক সফলভাবে চ্যালেঞ্জিং কাজগুলো করতে পারেন। এখন সমাজের দৃষ্টিভঙ্গি কী? ব্যক্তি খাতে নারী প্রকৌশলী ও স্থপতিরা তেমন সুযোগ পাচ্ছেন বলে মনে হয় না। কিন্তু সরকারি পর্যায়ে তঁারা অনেক গুরুত্ব পাচ্ছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন।
সরকার মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে। বিশেষ করে পরিবার থেকে মেয়েদের এমনভাবে গড়ে তোলা উচিত, যেন বড় হয়ে তঁারা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। একটা মেয়ে যদি কাজের চাপে একটু রাত করে বাসায় ফেরেন, আমরা তঁাকে প্রশ্ন করি। কিন্তু একটা ছেলেকে অধিকাংশ ক্ষেত্রে প্রশ্ন করা হয় না।
সবার প্রতি সম্মান রেখে বলছি, সততার দিক থেকে নারী প্রকৌশলী ও স্থপতিরা এগিয়ে আছেন। এটা আমার অভিজ্ঞতা থেকে দেখা। মাঠপর্যায়ে ঠিকাদার, নির্মাণকাজের বিভিন্ন ধরনের শ্রমিক—তঁারা একজন নারী প্রকৌশলী বা স্থপতির কথা সহজে শুনতে চান না। তঁাদের এই মানসিকতা পরিবর্তনের জন্য কাজ করা প্রয়োজন।

আসাদুল হক সুফিয়ানী: সবাই দেশের উন্নয়ন প্রত্যাশা করছি। দেশও এগিয়ে যাচ্ছে। আমরাও মনে করছি, দেশ এগিয়ে যাওয়ার জন্য নারী-পুরুষ সমানভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন। এর জন্য প্রয়োজন আমাদের নীতি, মানসিকতা ও চিন্তাচেতনার পরিবর্তন। আমরা সিমেন্ট উৎপাদন করি। নির্মাণের সঙ্গে এটা সরাসরি জড়িত।
যেসব নারী প্রকৌশল ও চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেন, তঁারা অত্যন্ত মেধাবী। নারী প্রকৌশলী ও স্থপতিরা দেশের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছেন। কর্মক্ষেত্রে তঁাদের অনেক সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অনেক চ্যালেঞ্জও রয়েছে। নারীরা যত দ্রুত এগিয়ে আসতে পারবেন, তত দ্রুত আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব।
কাউকে পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না। নারীদের সমস্যাগুলো কী, সেসব বিষয়ে আজ আলোচনা হবে। সমস্যা মোকাবিলা করে ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে।

ফাহমিদা হক খান: বুয়েটে যখন শিক্ষার্থী ছিলাম, তখন একধরনের স্বপ্ন ছিল। বুয়েট থেকে পাস করলাম। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিলাম। কিন্তু চাকরি করা হয়নি। কারণ, স্বামী ছিলেন বুয়েটের অধ্যাপক। আমি ওই চাকরি করলে সংসার করা হয় না। তাই সেটা ছাড়তে হলো।
শিক্ষকতা করা আমার স্বপ্ন ছিল। সেটা কিন্তু সংসারের জন্য হলো না। পরে রোডস্ অ্যান্ড হাইওয়েতে যোগদান করলাম। একসময় নির্বাহী প্রকৌশলী হলাম। আমাকে রাজবাড়ীতে পাঠানো হলো। মাঠপর্যায়ে কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। এখানে কোটি কোটি টাকার চেক সই করতে হতো। কিন্তু আমার বিশেষ কোনো নিরাপত্তা ছিল না।
সব সময় একধরনের নিরাপত্তা ঝুঁকি বোধ করতাম। একবার জরুরি দায়িত্ব পালনের জন্য রাত একটা পর্যন্ত দৌলতদিয়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করেছি। আমার দল নিয়ে কাজ করেছি। আমাদের সঙ্গে কোনো নিরাপত্তাকর্মী ছিল না।
মাঠপর্যায়ে কাজ করার ক্ষেত্রে নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ঝুঁকি থাকলে একজন মানুষ ঠিকভাবে কাজ করতে পারেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। যখনই কোনো নারীকে মাঠপর্যায়ে পদায়ন করা হয়, তখন যেন তঁার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হয়। বিশেষ করে নির্বাহী প্রকৌশলীকে পাঠানো হলে তঁাকে যেন অবশ্যই নিরাপত্তা দেওয়া হয়। অন্যদের সঙ্গে আমাদের মিলিয়ে ফেললে হবে না। কারণ, আমদের কাজের ধরনের সঙ্গে বড় আর্থিক বিষয় জড়িত।
আরেকটা বিষয় হলো, নারীরা বেশি কাজ করলেও তঁাকে স্বীকৃতি দেওয়া হয় না। স্বীকৃতির বিষয়টি জরুরিভাবে ভাবা প্রয়োজন। একজন নারী প্রকৌশলী বা কর্মী কম কাজ করলে তঁার সম্পর্কে অপপ্রচার করা হয়। কিন্তু একজন পুরুষ এটা করলে তেমন হয় না। নারীদের প্রতি এ ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া প্রয়োজন। নারীদের মাঠপর্যায়ে আরও সফলভাবে কাজ করার জন্য নিয়মিত কর্মশালার ব্যবস্থা থাকা প্রয়োজন। এসব বিষয়ে উদ্যোগ নিলে নারী প্রকৌশলীদের অংশগ্রহণ আরও বাড়বে।

ফরিদা নিলুফার: ২৫ বছর আমার শিক্ষকতার জীবন। স্থাপত্য বিভাগে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এখন প্রায় ৫০ শতাংশ মেয়ে শিক্ষার্থী। আমাদের সময় ছিল ১০ থেকে ১৫ শতাংশ। শ্রেণিকক্ষে মেয়ে-ছেলের মধ্যে কোনো পার্থক্য করি না। সবাইকে সমানভাবে কাজ দেওয়া হয়। সমানভাবে কাজ আদায় করে নেওয়া হয়। কোনো পুরুষ শিক্ষকও মেয়ে বলে কাউকে বেশি সুবিধা দেন না।
মেয়েরা মনে করেন না যে ছেলেরা তঁাদের থেকে এগিয়ে আছেন। স্থাপত্য বিভাগ থেকে মাঠপর্যায়ে যথেষ্ট কাজ করতে হয়। বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে নকশা করতে হয়। এ ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের মাঠপর্যায়ে গিয়ে পরিশ্রম করতে হয়। তঁারা সেটা করেনও। আমিও আমার শিক্ষাজীবনে মেয়ে বলে কোনো বাড়তি সুযোগ আশা করিনি। ছেলে-মেয়ে সবাই সমানভাবে কাজ করে গেছি। আমাদের বিভাগেও একইভাবে কাজ করা হয়। এখানে রাতে-দিনে কাজ করার সুযোগ আছে। ছেলে ও মেয়ে সমানভাবে রাতে কাজ করেন। আমাদের বিভাগে সেই নিরাপত্তার ব্যবস্থা আছে।
এখানে মেয়েদের আসা খুব সহজ। মেয়েরা পরিবেশ বা দৃষ্টিভঙ্গিজনিত কোনো বাধা অনুভব করেন না। আমাদের শিক্ষার পরিবেশ আর মাঠপর্যায়ে কাজের পরিবেশে অনেক পার্থক্য। প্রতিষ্ঠানে মেয়েরা ভালো করেন তঁাদের মেধা, পরিবারসহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য। কিন্তু মাঠপর্যায়ে তঁারা এই সহযোগিতা পান না। মাঠপর্যায়ে একজন নারীকে অনেক জটিল অবস্থার মধ্যে পড়তে হয়। যেমন যোগাযোগ, কাজের ক্ষেত্রসহ আরও অনেক বিষয়ে তঁাকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। অনেক মেয়ে স্থাপত্য বিভাগ থেকে পাস করেন, কিন্তু সেভাবে তঁাদের কর্মক্ষেত্রে দেখা যায় না।
স্থাপত্য বিভাগ থেকে পাস করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মেয়েরা সেটা করতে পারছেন না। যঁারা চাকরি করছেন, তারা হয়তো চাকরিটা চালিয়ে যাচ্ছেন।

রাহাত মুসলেমীন: আমার বাবা নির্মাণকাজের সঙ্গে জড়িত ছিলেন। আমি ছোটবেলা থেকেই নির্মাণসামগ্রী নিয়ে খেলাধুলা করেছি। এটা দেখেই বড় হয়েছি। বুয়েট থেকে পড়াশোনা শেষ করি। ২০০৩ সালে রাজউকে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করি।
রাজউকে আমি ছিলাম প্রথম গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। কর্তৃপক্ষের ধারণা ছিল, পারব না। কারণ এখানে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। ঠিকাদারদের সঙ্গে বোঝাপড়া করতে হয়। এটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। তখন আমাকে উন্নয়নকাজের বাইরে অন্য কাজ করতে বলা হয়।
এটা ছিল সম্পূর্ণ প্রকৌশল কাজের বাইরে। তাই এ কাজে মত দিলাম না। উন্নয়নকাজের সঙ্গেই যুক্ত থাকলাম। যেকোনো প্রতিষ্ঠানের উচিত নারী-পুরুষ বিবেচনা না করে নতুন যিনি যোগদান করবেন, তঁাকে দায়িত্ব দেওয়া। আর যঁাকে দায়িত্ব দেওয়া হবে, তঁারও উচিত ঠিকমতো দায়িত্ব পালন করা।
একজন নারী পারবেন কি না, প্রথমেই তঁাকে এই চ্যালেঞ্জটা কেন দেওয়া হবে? মেয়েরা ওপরে উঠছেন তঁাদের মেধা, পরিশ্রম ও যোগ্যতা দিয়ে। কিন্তু পরিবেশ অনেক ক্ষেত্রেই বাধা তৈরি করে। সুযোগ থেকে বঞ্চিত করে। কোনো নারী পারবেন কি পারবেন না, এই জায়গা থেকে সরে আসতে হবে। নতুন অবস্থায় যেকোনো মানুষের জন্য কিছুটা সমস্যা হতেই পারে। তঁাকে সহযোগিতা করতে হবে। যেন তিনি কাজটা সহজে করতে পারেন। সবার সঙ্গে মিশে যেতে পারেন। পারবেন না বলে কাজ না দিলে নারী-পুরুষ যে কেউ তঁার মনোবল হারিয়ে ফেলতে পারেন।
এ অবস্থার যেন সৃষ্টি না হয়, কর্তৃপক্ষের এটা গুরুত্বের সঙ্গে খেয়াল রাখা প্রয়োজন। আরেকটা বিষয় হলো, যঁারা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন, তঁারা যেন একই জেলায় বা কাছাকাছি চাকরির সুযোগ পান, সেটা বিবেচনা করা দরকার।

জেবুন নাসরীন আহমদ: এখন নির্মাণসহ বিভিন্ন কারণে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে মাঠপর্যায়ে মেয়েদের কাজ করা প্রয়োজন। যত মেয়ে প্রকৌশল ও স্থাপত্য নিয়ে পড়াশোনা করছেন, এর সামান্য অংশই মাঠপর্যায়ে কাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ছেলেরা শারীরিকভাবে বেশি শক্তি প্রদর্শন করতে পারেন।
কিন্তু মনোবিজ্ঞানীরা দেখেছেন, নারীদের বহুমুখী শক্তি আছে। তঁারা অনেক বেশি মানবিক। বিদেশে নিয়োগকর্তারা এগুলোর গুরুত্ব দেন। এটা ঠিক যে সরকারি চাকরির ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য করা হয় না। কিন্তু ব্যক্তি খাতে ভীষণভাবে বৈষম্যটা রয়ে গেছে। আমার বিষয় হচ্ছে নকশা করা। নকশা করার সময় মানুষের ভালো-মন্দের প্রতিটা দিকই বিবেচনা করতে হয়। মেয়েরা এসব সফলভাবে করছেন।
কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, পরীক্ষায় মেয়েরা ভালো করছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছেন। অনেক সময় প্রথম পঁাচজনের মধ্যেও ছেলে থাকেন না। যে মেয়েরা এত চ্যালেঞ্জের মধ্যে পরীক্ষায় ভালো করছেন, সেই মেয়েরাই মাঠপর্যায়ে কাজ করতে পারছেন না। কারণ, এই জায়গাটা সম্পূর্ণ পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু ইতিমধ্যে মেয়েরা প্রমাণ করেছেন যে তঁারা পারেন। তবে এটা ঠিক যে মাঠপর্যায়ে মেয়েদের নিরাপত্তা সরকার দিতে পারছে না। নিরাপত্তার বিষয়টি সরকারসহ সংশ্লিষ্ট সবার গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন।
আমি মনে করি, নির্মাণের ক্ষেত্রে বেশি করে মেয়েদের অংশগ্রহণ প্রয়োজন। তাহলে পরিবেশবান্ধব নির্মাণের ক্ষেত্রে অগ্রগতি হবে। অনেক পুরুষ চান না যে নারীরা সামনে আসুক, ভালো কিছু করুক। অনেকে মনে করেন, নারীরা পুরুষের ওপর নির্ভরশীল থাকবে। পুরুষতান্ত্রিক এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত জরুরি।
উন্নত দেশের সব জায়গা উন্নত। অবকাঠামোগত উন্নয়ন করতে পারলে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে এবং কর্মক্ষেত্রেও অনুকূল পরিবেশ তৈরি করতে পারলে ভবিষ্যতে অনেক নারীই নির্মাণশিল্পে আসবেন।

শায়লা জোয়ার্দার: আমরা তিন ভাই, দুই বোন। বাড়িতে বোনের ও আমার অগ্রাধিকার ছিল। বাড়ির নিয়ম ছিল, সন্ধ্যার পর বাইরে থাকা যাবে না। সেই সময় গিটার বাজিয়েছি; মঞ্চে, রেডিওতে এবং টেলিভিশনে অনুষ্ঠান করেছি। এ পর্যন্ত আমি যেভাবে চেয়েছি, প্রায় সেভাবেই পেয়ে এসেছি। মনে করি না যে সুযোগ দিতে হবে। কেউ আসলে সুযোগ দেয় না। যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে সুযোগ তৈরি হয়ে যাবে। যে মনে করছে আমাকে দিতে হবে, তার মানসিকতার পরিবর্তন করতে হবে।
মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই। সন্তানদের দেখাশোনা করি। বাসায় রান্না করি। এমনকি বাসায় মেহমান এলে তাদের জন্য রান্নাও করি। আমার ছাত্রীদের বলি, তোমরা সবকিছু পারবে। কোনোভাবেই তোমরা কারও থেকে পিছিয়ে নেই। কাজের মানুষ না থাকলে ভোর চারটা থেকে সবকিছু শেষ করে ফেলি। পরিবারের কেউ বলতে পারে না যে আমি পারি না।
মাঠপর্যায়ে কাজের ক্ষেত্রে কখনো কোনো অসুবিধা হয়নি। কেউ কথা শুনছে না, এমন অভিজ্ঞতা আমার নেই। জোর করে কথা শোনানো যাবে না। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন সবাই কথা শোনার অপেক্ষায় থাকবে।

সালমা আকতার খুকী: নির্মাণশিল্পে নারীদের মধ্য থেকে যেন আরও বেশি করে রোল মডেল তৈরি হতে পারে, সেটিই আজকের আলোচনার উদ্দেশ্য হওয়া প্রয়োজন। সেভেন রিংস্ সিমেন্ট হয়তো উদ্যোগটি নিয়েছে। এখন নির্মাণশিল্পে নারীদের ভূমিকা কী, সেটা দেখা প্রয়োজন। অপ্রচলিত খাতেই নারীরা যুগ যুগ ধরে কাজ করেছেন।
ধীরে ধীরে নারীরা ঘরের বইরে এসে কাজ করছেন। বিভিন্ন পেশায় নারীদের উল্লেখযোগ্য হারে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় নির্মাণশিল্পে নারীদের অংশগ্রহণ খুবই কম। নির্মাণশিল্প কিছুটা বেশি চ্যালেঞ্জিং পেশা। আর পুরুষেরাও এই পেশায় নারীদের দেখে অভ্যস্ত না। নির্মাণশিল্পে নারীদের এ দুটি ক্ষেত্রই বাধা তৈরি করেছে। এখানে একটা সমন্বয় আনা প্রয়োজন। নির্মাণশিল্পে নারী অংশগ্রহণের জন্য রোল মডেল তৈরি হওয়া প্রয়োজন। এই শিল্পে এমনিতেই নারীদের অংশগ্রহণ কম।
রোল মডেল তৈরি হতে হলে আলোচনা হওয়া প্রয়োজন। সমস্যাগুলো চিহ্নিত হওয়া প্রয়োজন। এসব আলোচনা থেকে সমাধান বেরিয়ে আসবে। নারীদের অংশগ্রহণও বাড়তে থাকবে। বর্তমান সরকার আমাদের ভীষণভাবে সহযোগিতা করছে।
দক্ষিণ এশিয়ায় নারীর উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশে। রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগে ৬০০ ইঞ্জিনিয়ার আছেন। এর মধ্যে নারীদের সংখ্যা ১০ শতাংশের কম। তাই কীভাবে প্রকৌশল ও স্থাপত্য পেশায় নারীর অংশগ্রহণ বাড়ানো যায়, সংশ্লিষ্ট সবার এ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তাহ্মিনা আহমেদ: নারীরা এগিয়ে যাচ্ছেন। কোনোভাবেই পেছনে পড়ে থাকবেন না। ছোটবেলা থেকে একটু নরম প্রকৃতির ছিলাম। খুব অল্প বয়সে সংসার শুরু করি। এ সময় মানুষ উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। কিন্তু আমি ভেবেছি বিশেষ কিছু করতে হবে। সব সময় ইচ্ছেমতো কাজ করতে পারিনি। কোথাও না কোথাও বাধা পাই। তবে মনের জোর হারাইনি। সমনের দিকে এগোতে চেয়েছি।
নারীদের মনে সব সময়ই কোনো না কোনো স্বপ্ন থাকে। আমাদের অধিকাংশ মা-ই ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য করে ফেলেন। এটা মেয়েদের জন্য একসময় হয়তো নেতিবাচক মানসিকতা তৈরি করে। আমার বাবা মনে করতেন, জঁাকজমকভাবে আমার বিয়ে হবে। ঘরসংসার করব, এই তো। কিন্তু আমি যে আরও অনেক বড় হতে পারি, সেটা হয়তো তিনি ভাবেননি।
আমার আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল। আজ খুব ভালো লাগছে। প্রকৌশল ও স্থাপত্য বিভাগের মতো একটি চ্যালেঞ্জিং পেশার সফল নারীরা এখানে আছেন। আপনাদের থেকে অন্য নারীরা অনুপ্রেরণা পেতে পারেন।
নারীরা এখন কোনো বাধাকেই বাধা মনে করেন না। আমার মেয়ে ছোটবেলায় বল খেলত। আমার কাছে এটা ভালো মনে হয়নি। পরে দেখলাম, সে টিমে অনেক অবদান রাখছে। একদিন অনেক মানুষের মধে্য স্টেডিয়ামে সে মেইন ডিফেন্ডার হিসেবে সকার খেলে প্রশংসা অর্জন করল।
সাংবাদিকেরা প্রশ্ন করল, আপনার মেয়েকে এভাবে দেখে কেমন লাগছে? সেদিন ভীষণ খুশি হয়েছিলাম। সেদিন এটাও বুঝতে পেরেছিলাম যে ছেলে ও মেয়েতে কোনো পার্থক্য নেই। এখন আমার মেয়ের জন্য গর্ব করি। সে আমাকে এক ধাপ এগিয়ে দিয়েছে।
আমি বিশ্বাস করি, নারীরা এখন সবকিছু করতে পারবেন। নারীরা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তঁারা সবকিছু পারবেন।

মেহের আফরোজ চুমকি: আজকের এই গোলটেবিল বৈঠক প্রমাণ করে, নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। প্রকৌশল ও স্থাপত্যের মতো চ্যালেঞ্জিং পেশায় নারীরা যুক্ত হচ্ছেন। এসব আমাদের অনেক বেশি আশাবাদী করে তুলছে।
আশা করছি, ভবিষ্যতে হয়তো নারীদের উন্নতি-অগ্রগতি নিয়ে আর গোলটেবিল বৈঠক করতে হবে না। আমার এলাকায় গেলাম জিপিএ-৫ সংবর্ধনা দিতে। দেখলাম, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৮০ শতাংশ নারী।
আমরা চাই ছেলে-মেয়ে সমানভাবে এগিয়ে যাবে। চিকিৎসা পেশায় নারীদের সংখ্যা বাড়ছে। অন্যান্য পেশায় বাড়ছে। তবে প্রকৌশল ও স্থাপত্য পেশায় এখনো নারীদের অংশগ্রহণ কম। মনে হয় না বেশি দিন আর এ অবস্থা থাকবে। দেশে নারীদের পোশাক, চলাফেরা, শিক্ষা—কিছু মানুষ এসব নেতিবাচকভাবে দেখত।
এখন এ অবস্থা দূর হচ্ছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ রোল মডেল। বিদেশিরাও বলে, কেমন করে তোমাদের এত পরিবর্তন? দেশে নারীদের জন্য ক্ষেত্র, সুযোগ তৈরি হয়ে আছে। এখন তঁাদের এগিয়ে আসতে হবে।
একটা বিষয় বুঝতে হবে, নিজে সামনে আসার জন্য উদ্যোগ না নিলে কেউ তাকে সহযোগিতা করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী রাত-দিন কাজ করছেন নারীর ক্ষমতায়নে। নারীরা নিজেদের দিক থেকে কিছুটা এগিয়ে এলেই সুযোগ করে নিতে পারবেন। সরকার মাতৃত্বকালীন ছুটি করেছে ছয় মাস। ইতিমধ্যে আমরা ৮৪টি দিবাযত্নকেন্দ্র করেছি। প্রতিটি জেলায় দিবাযত্নকেন্দ্র করার পরিকল্পনা সরকারের আছে। সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব না। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ প্রয়োজন। এ ব্যাপারে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করছি।
৮ মার্চ নারী দিবস। এই দিবসে অনেক কর্মপরিকল্পনা রয়েছে। আগে মনে করা হতো, ভারী কাজগুলো শুধু ছেলেরাই পারেন। অথচ ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন একজন নারী। নারীরা যে সবকিছু পারেন, এটাই তার প্রমাণ। সরকার নারীদের ক্ষমতায়নের সব সুযোগ করে দিয়েছে। এখন তঁাদের এগিয়ে আসতে হবে।

মেরিনা তাবাস্সুম: ১৯৯৫ সালে বুয়েট থেকে পাস করি। এরপর এই পেশায় কাজ করা শুরু করি। ২০০৬ সালে মেরিনা তাবাস্সুম আর্কিটেক্টস নামে নিজেই একটি ফার্ম দিই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই। প্র্যাকটিস ও পড়ানো—দুটিই একসঙ্গে করি। আমি যখন বুয়েটে পড়েছি, ছেলে ও মেয়ের সংখ্যা ছিল সমান। এখন তো আরও বেড়েছে।
আমি যেখানে পড়াই, সেসব বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সংখ্যা প্রায় ৬০ শতাংশ। স্থাপত্য কোনো নির্দিষ্ট সময়ের কাজ না। যদি কেউ সত্যিকারভাবে এই পেশায় কাজ করতে চান, তঁাকে প্রায় সারাক্ষণ পেশার সঙ্গে যুক্ত থাকতে হয়।
অনেক মেয়ে স্থাপত্য বিষয়ে পড়ছেন। পরীক্ষায় ভালো করছেন। কিন্তু পরবর্তী সময়ে এই পেশায় কাজ করছেন না। কেন আসছেন না, এটি নিয়ে ভাবা প্রয়োজন।
মেয়েরা পরীক্ষায় ভালো করছেন। ভালো ডিজাইন করছেন। অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। কিন্তু পেশগত পর্যায়ে কাজ করছেন না। এটা একটা বড় সমস্যা। অনেকে হয়তো শিক্ষকতা পেশায় আসছেন। পেশা হিসেবে শিক্ষকতা তঁাদের জন্য ভারসাম্যপূর্ণ।
স্থাপত্য ও প্রকৌশল পেশায় না আসার একটা বড় কারণ হতে পারে যে পরিবার ও পেশার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়ে। অফিসে বসে ডিজাইন করা কোনো কাজের ৫০ শতাংশও না। সাইটে যেতে হয়। অনেক কিছু দেখাশোনা করতে হয়। একটি ভবন শেষ হওয়া পর্যন্ত তার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে হয়। তবে ভবিষ্যতে এই পেশায় আরও বেশি নারী আসবেন।
ইকরাম আহমেদ: ১০০ বছরেরও বেশি সময় হলো বিশ্বে নারীরা প্রকৌশল ও স্থাপত্য পেশায় এসেছেন। বাংলাদেশসহ সারা বিশ্বেই নারীদের প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়।
প্রাথমিক শিক্ষায় নারীরা অনেক এগিয়েছেন। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনো তঁাদের অংশগ্রহণ কম। নারীরা তঁাদের জায়গা তৈরি করে নিতে পারবেন। তবে তার জন্য অনুকূল পরিবেশ ও সুযোগ করে দিতে হবে। সমাজে এখনো এমন ধারণা আছে যে মেয়েরা সব কাজ করবে না। কিন্তু আমরা দেখেছি, মেয়েরা সব কাজ করছে।
সরকারি প্রতিষ্ঠানে যেসব নারী কাজ করেন, তঁাদের কম-বেশি নিরাপত্তাসহ একধরনের সুযোগ-সুবিধা থাকে। কিন্তু যঁারা বেসরকাির প্রতিষ্ঠানে কাজ করেন, তঁারা এই সুযোগ পান না। এ দিকটা আমাদের ভাবতে হবে।
প্রকৌশল ও স্থাপত্যবিদ্যায় নারীরা অনেক বেশি সংবেদনশীল। প্রতিটি বিষয় অনেক গভীরভাবে ভাবেন, দেখেন। এই পেশায় আরও বেশি নারী এলে আমাদের সবার জন্য সেটা ভালো হতো। নারীরা প্রকৌশল, স্থাপত্যসহ সব ক্ষেত্রে কীভাবে অারও বেশি অবদান রাখতে পারেন, নীতিনির্ধারকদের সেটা ভাবা প্রয়োজন।
অনেক ক্ষেত্রে বলা হয়, নারীরা বেশি শক্ত কাজ করতে পারেন না। কিন্তু ভারোত্তোলনে স্বর্ণ নিয়ে এসেছেন কোনো পুরুষ নন, একজন নারী। আবার নির্মাণশিল্পের কঠিন কাজগুলো কিন্তু নারীরাই করেন। যেমন মাটি কাটা, ইট ভাঙা ইত্যাদি। নারীরা সব ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করতে পারেন। ভবিষ্যতে তঁারা আরও অনেক বেশি এগিয়ে যাবেন।
আব্দুল কাইয়ুম: প্রতিনিয়ত নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছেন। কিন্তু অনেক ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা, প্রতিকূল কর্মপরিবেশ নারীদের জন্য সমস্যা তৈরি করে।
এসব বাধা দূর হলে নারীরা আরও বেশি করে প্রকৌশল ও স্থাপত্যের মতো চ্যালেঞ্জিং পেশায় আসবেন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আলোচনায় সুপারিশ
* স্বামী–স্ত্রী দুজনই চাকরি করলে যেন একই এলাকায় চাকরি করতে পারেন, এ বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন
* নারীদের কাজের স্বীকৃতির বিষয়টি অত্যন্ত জরুরি। একজন নারী ভালো কাজ করলে এর যথাযোগ্য স্বীকৃতি দিতে হবে
* নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
* কর্মক্ষেত্রে নারী প্রকৌশলী ও স্থপতিদের অংশগ্রহণ কম হওয়ার কারণ যোগাযোগব্যবস্থা, কর্মপরিবেশসহ বিভিন্ন ধরনের বাধা। এসব বাধা দূর করতে হবে
* প্রতিষ্ঠানগুলোর উচিত নারী–পুরুষ বিবেচনা না করে সবাইকে সমানভাবে দায়িত্ব দেওয়া
যাঁরা অংশ নিলেন
মেহের আফরোজ চুমকি
সাংসদ, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
ইকরাম আহমেদ
সাবেক চেয়ারম্যান, সরকারি কর্মকমিশন (পিএসসি)
নাইম আহমেদ খান
সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার এবং সদস্য (উন্নয়ন), রাজউক
তাহ্মিনা আহমেদ
পরিচালক, সেভেন রিংস্ সিমেন্ট
জেবুন নাসরীন আহমদ
ডিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ, বুয়েট
ফরিদা নিলুফার
অধ্যাপক, স্থাপত্য বিভাগ, বুয়েট
মেরিনা তাবাস্সুম
প্রিন্সিপাল আর্কিটেক্ট, মেরিনা তাবাস্সুম আর্কিটেক্টস
সালমা আকতার
নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ (সওজ)
ফাহমিদা হক খান
নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ (সওজ)
রাহাত মুসলেমীন
নির্বাহী প্রকৌশলী, কেন্দ্রীয় ঢাকা বিভাগ, রাজউক
শায়লা জোয়ার্দার
সহকারী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি
আসাদুল হক সুফিয়ানী
প্রধান বিপণন কর্মকর্তা, সেভেন রিংস্ সিমেন্ট
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো