নির্মাণশ্রমিকদের তালিকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত শ্রমিকদের সরকারি তালিকাভুক্তিসহ ছয় দফা দাবি করেছেন শ্রমিক নেতারা। বরিশাল জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে দাবিগুলো তুলে ধরা হয়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই আয়োজন করা হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় অশ্বিনী কুমার হল থেকে কয়েক হাজার ইমারত শ্রমিকের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রজতজয়ন্তীর কর্মসূচি। পরে সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইমারত নির্মাণশ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. ওসামান গনি বলেন, অবিলম্বে সরকারিভাবে ইমারত নির্মাণশ্রমিকদের তালিকা প্রণয়ন করতে হবে। শ্রমিকদের সারা বছরের কাজের নিশ্চয়তা দিতে হবে। কাজ না থাকলে বেকার ভাতা দিতে হবে। ইমারত নির্মাণশ্রমিকদের ছেলে-মেয়েদের সরকারি খরচে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে হবে। সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। এ ছাড়া শ্রম আইনে আলাদা শ্রমনীতি প্রণয়ন করতে হবে। সরকারের কাছে এই দাবি তুলে ধরে তাঁরা এর বাস্তবায়ন চান।
জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, সারা বছর ইমারত নির্মাণশ্রমিকেরা শ্রম দিয়ে ইমারত নির্মাণ করলেও তাঁদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। ইমারত শ্রমিকদের থাকতে হচ্ছে বস্তি অথবা খোলা আকাশের নিচে। ইমারতের মালিকেরা শ্রমিকদের ওপর নির্যাতন চালালেও কোনো প্রতিকার পাওয়া যায় না। তাই ইমারত নির্মাণ শ্রমিকদের সঠিক তালিকা তৈরি করে তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ইমারত শ্রমিকদের ছেলেমেয়েরা অনেক সময় শিক্ষা থেকে বঞ্চিত থাকছে। তাঁদের শিক্ষা এবং চিকিৎসার সুযোগ দিতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইমারত নির্মাণশ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, অ্যাংকর সিমেন্ট কোম্পানির মহাব্যবস্থাপক মশিউর রহমান, হিরণ কুমার দাস, বিভাগীয় ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।