নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন শ্রমিক বেলাল। তিনি জাহাঙ্গীরের সঙ্গে কাজ করতেন বলে দাবি করে বেলাল বলেন, আজ সকালে তাঁরা নির্মাণাধীন ওই ভবনের সাততলায় ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় ঢালাইয়ের কাজে ব্যবহৃত কাঠ ঠিক করতে গিয়ে পা পিছলে জাহাঙ্গীর নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তখন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা জাহাঙ্গীরের মামাতো ভাই এলাহির দাবি, জাহাঙ্গীর দিনাজপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে পড়তেন। তাঁর পিতার নাম আনোয়ার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাঁদের বাড়ি। ১০ দিন আগে জাহাঙ্গীর ঢাকায় এসে নির্মাণশ্রমিক হিসেবে কাজে যোগ দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) মো. মোজাম্মেল হক বলেন, জাহাঙ্গীরের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।