নির্মাণশ্রমিকের মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গ্রেপ্তার হওয়া নির্মাণশ্রমিক এখলাছ আলীর মুক্তির দাবিতে গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন নির্মাণশ্রমিকেরা। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিও দেন। ৪৮ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা নির্মাণশ্রমিককে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন দিনাজপুরের নির্মাণশ্রমিকেরা।
জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন জানান, অবিলম্বে এখলাছ আলীকে ছেড়ে দেওয়া না হলে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। এখলাছ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর মুক্তি দাবিতে গতকাল সকালে পাঁচ শতাধিক নির্মাণশ্রমিক শহরে বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি রেদওয়ান আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখলাছের বাড়ি থেকে আট বোতল ফেনসিডিল উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ বলেন, তিনি নিজে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন।