নির্মাণশ্রমিকের মৃত্যু
নীলফামারীতে নির্মাণাধীন একটি বাসার সেপটিক ট্যাংকের ভেতর নেমে নুরুন্নবী (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শহরের মাস্টারপাড়া মহল্লার হাবিবুর রহমানের নির্মাণাধীন বাসায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই বাসায় নির্মাণশ্রমিকের কাজ করতেন নুরুন্নবী ও তাঁর ছোট ভাই খয়রাত হোসেন (৪০)। নুরুন্নবী সদরের খোকশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সম্প্রতি ঢালাই দেওয়া ওই বাসার একটি সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে ভেতর নেমে জ্ঞান হারান নুরুন্নবী। এ অবস্থায় খয়রাত হোসেনের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। স্থানীয় লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুরুন্নবীকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ইরফান আলী বলেন, নুরুন্নবীকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নীলফামারী সদর থানা-পুলিশকে জানানো হয়েছে।