নির্মাণসামগ্রী সরালেও বেহাল ধূপখোলা মাঠ

রাজধানীর ধূপখোলা মাঠটি প্রায় চার বছর ব্যবহৃত হয়েছিল মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নির্মাণসামগ্রী তৈরি ও গুদামজাত করার কাজে। কাজ শেষে মাঠটি উদ্ধার হলেও পরিচর্যার অভাব ও নিতান্তই উদাসীনতার কারণে খেলাধুলার উপযোগী হয়ে ওঠেনি। এখন সেখানে অবাধে চলছে মাদক বিক্রি, সেবন এবং অসামাজিক কাজ।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ উড়ালসড়ক নির্মাণের সামগ্রী রাখার জন্য ব্যবহৃত হয়েছে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত। গত বছরের অক্টোবরের মধ্যে উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হয়ে গেলেও প্রায় এক বছর বিভিন্ন সরঞ্জাম মাঠে ফেলে রাখা হয়। গত ঈদুল আজহার আগে ওই সরঞ্জাম সরিয়ে মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়। তারপর আর কোনো সংস্কার করা হয়নি। এমনকি শ্রমিকদের থাকার জন্য মাঠের পাশে যে টিনশেড দোতলা ঘর তৈরি করা হয়েছিল, সেগুলোও সরানো হয়নি।
গতকাল সোমবার ঘটনাস্থলে দেখা যায় মাঠটির যেখানে-সেখানে উঁচু-নিচু মাটি। কোথাও কোথাও গভীর গর্ত। তার মধ্যেই মহল্লার শিশু-কিশোরদের তিনটি দল আলাদাভাবে ক্রিকেট খেলছে। উইকেট কিপিং থামিয়ে কিশোর শান্তনু জানায়, এভাবে খেলতে তাদের অনেক অসুবিধা হয়। এবড়োখেবড়ো মাঠে পড়ে গিয়ে প্রায়ই ব্যথা পায়।
খেলা দেখছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বরকতউল্লাহ। থাকেন গেন্ডারিয়া। বললেন, মাঠটি জঞ্জালমুক্ত করা হলেও নিতান্তই অবহেলার মধ্যে ফেলে রাখা হয়েছে। সিটি করপোরেশন এই মাঠটির বিষয়ে কেন এমন উদাসীন, তা এলাকাবাসীর প্রশ্ন।
আগে মাঠটির সামনে লোহার ফটক ছিল। সেটি আর নেই। গরু-ছাগলও ঢুকছে অবাধে। মাঠের সামনে সিটি করপোরেশন মার্কেটের দোতলায় উড়ালসড়ক নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিকদের থাকার জন্য ২৮টি টিনশেড ঘর তোলা হয়েছিল। শ্রমিকেরা এখন আর থাকেন না। দরজা-জানালা সব চুরি হয়ে গেছে। স্থানীয় দোকানি ও ভ্রমণকারীরা বলেন, আগেও এখানে মাদকাসক্তদের আনাগোনা ছিল। এখন দিনের বেলায়ও মাদক সেবন চলে। সন্ধ্যার পর চলে অসামাজিক কাজ।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা খান মো. বিলাল প্রথম আলোকে বলেন, কোরবানি ঈদের সময় এখানে পশু বেচাকেনার অনুমতি দেওয়া হয়েছিল। তাতে মাঠ ক্ষতিগ্রস্ত হলেও পরে ঠিক করার এবং সেখানে উপযুক্ত পাহারা বসাতে নির্দেশ দেওয়া হয়েছিল। কেন তা করা হয়নি, তিনি খবর নেবেন। সিটি করপোরেশন মার্কেটের ওপরে শ্রমিকদের থাকার জায়গার বিষয়েও তিনি খোঁজ নেবেন বলে জানান।