নির্মাণসামগ্রীর দখলে খুলনা নগরের রাস্তাগুলো
খুলনা নগরের বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রেখে পাশের এলাকায় ভবন তৈরির কাজ চলছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ধুলাবালি, যানজটে এলাকাবাসীরও বিড়ম্বনার শেষ নেই। এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।সরেজমিনে দেখা গেছে, নগরের ময়লাপোতা মোড়, ফুল মার্কেট এলাকা, সিমেট্রি সড়ক, আহসান আহমেদ সড়ক, টুটপাড়া সেন্ট্রাল সড়ক, টিবি বাউন্ডারি সড়কে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এসব কাজে ব্যবহূত ইট, খোয়া, বালু ও রড ফুটপাত এবং সড়কের ওপর স্তূপ করে রাখা হয়েছে।নগরের ইজিবাইকচালক মনির হোসেন বলেন, ‘রাস্তার পাশে এই রকম ইটের খোয়া রাখায় গাড়ি চালাতি খুব সমস্যা হয়। মাঝে মাঝে গাড়ি ক্রস করার সময় খোয়ার ওপরে উঠে উল্টে যাওয়ার মতো হয়।’ পথচারী অভিজিৎ বিশ্বাস বলেন, খুলনার ফুটপাত দখল করে নিয়েছে দোকানদারেরা, আর এখন মূল রাস্তা দখল করছে ভবন নির্মাণের ঠিকাদারেরা। তাহলে মানুষ চলবে কোথা দিয়ে? আহসান আহমেদ রোডে নির্মাণসামগ্রী রাখা স্বপ্নীল কার্ডনের পরিচালক ইকবাল হোসেন বলেন, ‘আমরা তো অত বেশি পরিমাণে মালামাল রাস্তায় রাখি না। যতটুকু প্রয়োজন ততটুকুই আনি। জনগণের চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রেখে কিছু মালামাল রাস্তার কিনারে রাখি।’খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ‘রাস্তায় নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ। রাস্তায় শুধু নির্মাণসামগ্রী রাখা হচ্ছে তা-ই না, রাস্তার জায়গা দখল করে এগুলো তৈরিও করা হচ্ছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তারা কী করছে বুঝতে পারছি না।’খুলনা সিটি করপোরেশনের এস্টেট কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আমরা দুই-এক দিন পরপরই অভিযান চালাই। রাস্তায় নির্মাণসামগ্রী রাখা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করি। তার পরও কাজ হচ্ছে না।’