নির্মাণসামগ্রীর দাম বেড়েছে তাই ভবনের কাজ বন্ধ!
নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার বর্ধিত ভবনের কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই কাজের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস পরও ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে।নির্মাণকাজ বন্ধ থাকায় ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ পাওয়া অতিরিক্ত দুই কোটি ৮০ লাখ টাকাও ফেরত পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। আর বর্ধিত ভবন নির্মাণ না হওয়ায় বিপাকে পড়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার রোগী। কারণ, ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন এক হাজার থেকে এক হাজার ২০০ রোগী চিকিৎসা নেয়। অনেক রোগীই ওয়ার্ডের মেঝেয় বা হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে।গণপূর্ত বিভাগের বরিশাল কার্যালয় সূত্র জানায়, বর্তমান হাসপাতালের পূর্ব পাশে ৫০০ শয্যার একটি সাত তলার বর্ধিত ভবন নির্মাণের জন্য ২০০৭ সালের অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। ২০০৮ সালের ৪ মার্চ ২৫ কোটি টাকায় ওই ভবন নির্মাণের কার্যাদেশ পায় জেবি আজাদ কনস্ট্রাকশন ও ঢাকা মার্কেন্টাইল করপোরেশন লি.। কার্যাদেশ অনুযায়ী, ২০১০ সালের ৪ জুনের মধ্যে ভবন হস্তান্তরের কথা। কিন্তু পরবর্তী সময়ে কর্তৃপক্ষ ভবনটি সাত তলার পরিবর্তে পাঁচ তলা পর্যন্ত নির্মাণের সিদ্ধান্ত নেয়। ব্যয় ধরা হয় ২১ কোটি টাকা।ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও ২০১০ সালের জুন থেকে কাজ বন্ধ রেখেছে। পাঁচ তলার ওই ভবনটি তৈরি হলেও মেঝে, দরজা-জানালাসহ ৪৫ ভাগ কাজই বাকি রয়েছে। বর্তমানে ওই ভবন নির্মাণকাজের দরপত্র বাতিল করে পুনরায় প্রাক্কলন করে নতুন দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে।হাসপাতালের পরিচালক আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হচ্ছে। অনেক রোগীকে ফ্লোরেও জায়গা দিতে পারছি না। এ অবস্থায় বর্ধিত ভবন নিয়ে গণপূর্ত বিভাগ টালবাহানা করছে।’এ ব্যাপারে বক্তব্য জানতে জেবি আজাদ কনস্ট্রাকশন লিমিটেডের ঠিকাদার এ কে এম আজাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে ওই প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপক মো. রাসেল বলেন, ‘যখন কার্যাদেশ পেয়েছি, তখন নির্মাণসামগ্রীর দাম ছিল খুবই কম। পরবর্তী সময়ে তা দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত বেড়েছে। এ সময় লোহার পরিবর্তে কাঠের সাটারিং (ছাদ ঢালাই কাজে ব্যবহূত) দেওয়ার অভিযোগে নয় মাস ধরে কাজ বন্ধ করে দেওয়া হয়। এ কারণে আমরা অর্থ অন্য দিকে খাটিয়েছি। তাই কাজের গতি ৫০ ভাগে নেমে আসে। ওই ভবন নির্মাণ করতে গেলে ব্যাপক লোকসান গুণতে হবে। বাজেট না বাড়ালে কোনোভাবেই এ কাজ করা সম্ভব হবে না।’এ পর্যন্ত তাঁর প্রতিষ্ঠান ১০ কোটি ৯০ লাখ টাকার বিল তুলে নিয়েছে বলে তিনি জানান।বরিশাল গণপূর্ত বিভাগের (মেডিকেল কলেজ হাসপাতাল) উপনির্বাহী প্রকৌশলী সুভাষ চন্দ্র রায় বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় গত অর্থবছরে ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত দুই কোটি ৮০ লাখ টাকা ফেরত পাঠাতে হয়েছে। এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ৫৫ ভাগ কাজ শেষ করেছে। এরপর একাধিক চিঠি দেওয়ার পরও তারা কাজ শুরু করেনি। ৮ সেপ্টেম্বর নির্মাণব্যয়ের ওপর শতকরা দুই ভাগ জরিমানা করে প্রতিষ্ঠানটিকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের জামানত হিসেবে রাখা দুই কোটি ১০ লাখ টাকা বাজেয়াপ্ত করারও সিদ্ধান্ত হয়েছে।হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, ‘ভবনের নির্মাণকাজ বন্ধ থাকায় ব্যবস্থাপনা কমিটির সভায় গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’