নির্মাণাধীন অরক্ষিত কালভার্টে পা পিছলে কিশোরেরমৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামে পা পিছলে নির্মাণাধীন অরক্ষিত কালভার্টে পড়ে তাজমল মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী পশ্চিমপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, নির্মাণাধীন কালভার্টে লোকজনের চলাচল বন্ধ করতে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড বা প্রতিবন্ধক দেওয়া হয়নি।
পরিবার ও কয়েকজন এলাকাবাসী জানান, রোববার রাত ১০টার দিকে তাজমল গ্রামের পাশের দোকানে যায়। বাড়ি ফেরার সময় কালভার্টের ওপর পা পিছলে পড়ে যায়। এ সময় কালভার্টের একটি রড কানে ঢুকে সে গুরুতর আহত হয়। দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল সোমবার সকালে সে মারা যায়।
তাহিরপুর থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালভার্ট নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স জুবায়ের ট্রেডার্সের স্বত্বাধিকারী জুবায়ের বলেন, চলাচল নিয়ন্ত্রণে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।