নির্মাণাধীন কারখানার ছাদ ধসে আহত ৭
রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে নির্মাণাধীন একটি কারখানার ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন সুমন ইসলাম (২২), কহিনুর (১৮), দুলু মিয়া (৩০), জিয়া (২৩), আনোয়ারুল (২২), ফারুক হোসেন (২৬) ও রাজ্জাক (২৫)। তাঁদের মধ্যে চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভোর থেকে আঞ্জুমান ট্রেডিং নামের একটি কারখানার একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে অন্তত ৪০ জন শ্রমিক ছিলেন।
আহত শ্রমিক আনোয়ারুল বলেন, যন্ত্রের সাহায্যে সিমেন্ট, বালু ও পাথরের মিশ্রণ ওপরে তোলা হচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে বিকট শব্দে ঢালাইয়ের মিশ্রণসহ রডের খাঁচা ধসে পড়ে। এ সময় ছাদের ওপরে কর্মরত শ্রমিকেরা লোহার খাঁচায় আটকা পড়েন। আর নিচের শ্রমিকেরা দ্রুত সরে গিয়ে রক্ষা পান।
দুর্ঘটনার সময় নিচতলায় কর্মরত ছিলেন শ্রমিক হায়দার আলী। তিনি বলেন, বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ঢালাইয়ের মিশ্রণ ও রডের খাঁচাসহ শাটারিং ধসে পড়ে। আরেক শ্রমিক রুবেল হোসেন জানান, সাধারণত একটি ভবনে যে উচ্চতার ছাদ থাকে, নির্মাণাধীন কারখানাটির ছাদের উচ্চতা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি। এ কারণে একটি বাঁশের খুঁটির সঙ্গে আরেকটি বাঁশ জোড়া দিয়ে শাটারিং দেওয়া হয়েছিল।
সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একজন সহকারী প্রকৌশলী বলেন, অধিক উচ্চতার কারণে শাটারিংয়ের জোড়া দেওয়া বাঁশ ভেঙে কারখানার ছাদ ধসে পড়ে।
কারখানাটিতে মালিকানা রয়েছে ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহাম্মেদের। তিনি বলেন, কারখানাটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল জাবেদ নামের এক ঠিকাদারকে। ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। ঠিক কী কারণে ছাদ ধসে পড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্বল শাটারিং ধসের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, চামড়া শিল্পনগরীর একটি নির্মাণাধীন কারখানায় ছাদ ধসে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।