নির্মাণাধীন কালভার্ট ভেঙে আহত ২
সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতী গ্রামে নির্মাণাধীন একটি কালভার্ট ভেঙে দুজন শ্রমিক আহত হয়েছেন।
আহত শ্রমিকেরা হলেন খোকশাবাড়ি গ্রামের খাদেম আলী (২৫) ও আমির হোসেন (২৭)।
এলাকাবাসী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সদর উপজেলার রামগাতী ঘোনাপাড়া এলাকায় কালভার্ট নির্মাণের কার্যাদেশ পায় মুসা কনস্ট্রাকশন। পরে তারা কাজটি বিক্রি করে দেয় শহরের ধানবান্ধী মহল্লার মোনায়েম হোসেনের কাছে। গতকাল সোমবার কালভার্টের ঢালাইয়ের কাজ শুরুর পর দুপুরে আকস্মিকভাবে তা ভেঙে পড়ে। এ সময় ঢালাইয়ের নিচে পড়ে দুজন নির্মাণশ্রমিক গুরুতর আহত হন।
এ কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত সিরাজগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহজাহান আলী বলেন, দুই দিন আগের ভূমিকম্পের কারণে সাটারিং (ঢালাই কাঠামো) নড়েচড়ে যায়। সঠিকভাবে ঢালাই করার জন্য বলা হলেও ঠিকাদার তা করেননি। পূর্বের অবস্থায় ঢালাই করায় ভেঙে পড়েছে।