নির্মাণাধীন কালভার্ট ভেঙে পড়ে পাঁচ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নির্মাণাধীন কালভার্ট ভেঙে পড়ে পাঁচ নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় গতকাল বুধবার বিকেলে। এ সময় কালভার্টের নিচে কাজ করতে থাকা পাঁচ নির্মাণশ্রমিক গুরুতর আহত হন।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ থেকে মাঝুখান যাওয়ার পথে খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছিল। ১৪ লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিফাত এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠান থেকে মো. মামুন নামের এক ব্যক্তি সাব-কন্ট্রাক্ট নিয়ে ওই কালভার্টের কাজ দুই মাস আগে শুরু করেন। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্মাণশ্রমিকেরা ওই কালভার্টের শাটারে ঢালাইয়ের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ করে কালভার্টের শাটারের ঢালাই ধসে নিচে পড়ে যায়।
এ সময় কালভার্টের নিচে থাকা নির্মাণশ্রমিক আবদুল মান্নান, হাসান মিয়া, তমিজউদ্দিন, শরিফুল ইসলামসহ পাঁচজন চাপা পড়েন। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মাঝুখান এলাকার বাসিন্দা মো. সেলিম হোসেন জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্টটি তৈরি করা হচ্ছিল। ঢালাই কাজে সিমেন্টের পরিমাণ কম ছিল। এ ছাড়া দুর্বল ও চিকন রড ব্যবহার করায় কালভার্টটি ভেঙে পড়েছে।
রিফাত এন্টারপ্রাইজের পরিচালক সেলিম উল্লাহ সরকার জানান, কালভার্ট নির্মাণের কাজটি মামুন নামের এক ব্যক্তি সাব-কন্ট্রাকে তাঁর কাছ থেকে নিয়েছেন। তাঁরা কীভাবে কাজ করছিলেন তা জানা নেই।
কালিয়াকৈর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেঞ্চদ আল রেজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কাজ সাব-কন্ট্রাক্টে দেওয়ার কোনো নিয়ম নেই।