নির্মাণাধীন ক্যাম্পাসে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার নলামে গণবিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে গতকাল সোমবার সকালে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্র্বার মীর মুর্ত্তজা আলীকেও লাঞ্ছিত করে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বছরখানেক ধরে নলামে বিশ্ববিদ্যালয়ের জমিতে টিনের প্রাচীর দিয়ে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ চলছে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে দুই শতাধিক সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে টিনের সীমানা বেড়া ও দারোয়ানদের থাকার একটি ঘর ভেঙে ফেলে। এরপর সন্ত্রাসীরা সেখানে মাজাহার আনামের নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী সেখানে গেলে সন্ত্রাসীরা তাঁকে লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা চলে যায়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলীর ভাষ্য, প্রায় ৩০ বছর আগে গণস্বাস্থ্যকেন্দ্রের নামে নলাম এলাকায় ১১ একর জমি কেনা হয়। তারপর থেকে ওই জমি প্রতিষ্ঠানের দখলে রয়েছে। পরে কর্তৃপক্ষ ওই জমি গণবিশ্ববিদ্যালয়কে দান করে। সেখানে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ চলছে। ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং সাবেক ছাত্রলীগ নেতা মাজাহার আনাম তাঁর জমি দাবি করে তা দখল নেওয়ার জন্য গতকাল সকালে সেখানে হামলা চালিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন। এ ব্যাপারে তিনি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।