নির্মাণাধীন গির্জার ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ২৪
বান্দরবান শহরে গতকাল বুধবার সকালে নির্মাণাধীন একটি গির্জার ভবনের ছাদ ধসে একজন শ্রমিক নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নির্মাণকাজে ক্রটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম সেলিম খান (২৫)। তিনি শহরের আর্মিপাড়ায় থাকতেন। তাঁর বাড়ি পটুয়াখালী জেলায়।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শহরের ডন বসকো মিশনের গির্জার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ৪০ থেকে ৪৫ জন শ্রমিক। হঠাৎ বিকট শব্দে ভবনের ছাদ ধসে পড়ে। ধংসস্তূপের নিচে চাপা পড়ে সেলিম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ২৪ শ্রমিক। পরে তাঁদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আল আমিন (২৪), সিদ্দিক আহমেদ (২৬), মো. আজহার (২০) ও মো. হাছানকে (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নির্মাণশ্রমিক সাইদুল জানান, ছাদ ঢালাইয়ের আগে গত মঙ্গলবার লোহার রড টানানোসহ আনুষঙ্গিক কাজ শেষ করা হয়। তিনি অভিযোগ করেন, রডের সংযোগগুলোয় কোনো ঝালাই দেওয়া হয়নি। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের নেতা মো. শাহজাহান বলেন, চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এ নির্মাণকাজ করছে। চলতি মাসের শেষ দিকে ভবনের ছাদ শেষ করার কথা। তাই তাড়াহুড়ো করে কাজ শেষ করে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে কথা বলতে চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সিরাজুল ইসলামের মুঠোফোন নাম্বার চাইলে শাহজাহান তা দিতে অস্বীকৃতি জানান।ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কাদের জানান, দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা উদ্ধারকাজ শুরু করেন। ভবনের নিচে আর কেউ আটকা নেই বলে তিনি জানান।জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, নির্মাণকাজে ক্রটির কারণে ছাদ ধসে পড়তে পারে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।