বান্দরবান সরকারি কলেজ ছাত্রাবাসের সম্প্রসারিত ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ছাত্রলীগ দখল করে নিয়েছে।
ছাত্ররা জানিয়েছেন, কলেজ বন্ধ হওয়া সত্ত্বেও গত সোমবার পবিত্র রমজানের প্রথম দিন ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৫-২০টি মোটরসাইকেলের ঝটিকা মিছিল নিয়ে ছাত্রাবাসের সব কটি কক্ষ দখল করে নেন। ছাত্রলীগের ছাত্রাবাস শাখার সাধারণ সম্পাদক সনৎ শর্মা বলেছেন, আহসানুল আলমসহ বড় ভাইদের উদ্যোগে তাঁরা হলে উঠেছেন।
তবে আহসানুল আলম ছাত্রাবাস দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা পড়াশোনা শেষ হওয়া সত্ত্বেও ছাত্রাবাস দখল করে থাকায় ছাত্রদের থাকার সমস্যা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেও ব্যবস্থা না নেওয়ায় সাধারণ ছাত্ররা নতুন ছাত্রাবাসে উঠেছেন।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওয়েসিং অং বলেছেন, বিষয়টি তিনি অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অবহিত করেছেন। অধ্যক্ষ সুবীর দাশ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।