নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল নগরের রূপাতলী এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছয়তলা থেকে পড়ে আইয়ুব আলী (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নগরের রূপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আইয়ুব আলী পটুয়াখালী সদর উপজেলার গেরাখালী গ্রামের মৃত আলী আকবর মৃধার ছেলে। তিনি নগরের রূপাতলী এলাকায় শাহজাহান মিয়ার নির্মাণাধীন ওই ছয়তলা ভবনটির কেয়ারটেকার ছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালেকুল বাশার জানান, ছয়তলা ভবনটির ওপর থেকে আইয়ুব আলী পড়ে যান, ঘটনার সময় সেখানে অন্য কেউ ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আইয়ুব আলীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।