নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁর নাম মনসুর আলী। গুরুতর অবস্থায় গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মনসুরকে মৃত ঘোষণা করেন।
মনসুর আলীর ভাইপো মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, মনসুর কদমতলীর পাটেরবাগ এলাকায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করতেন। দুপুরের দিকে তাঁকে ফোন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। হাসপাতালে পৌঁছে তিনি তাঁর চাচাকে মৃত দেখতে পান।
মনসুর আলীর বাড়ি পাবনার সাঁথিয়ায়। তিন মেয়ে ও এক ছেলের জনক মনসুর সংসার চালাতে পারছিলেন না। মাস কয়েক আগে স্ত্রী ও ছেলেমেয়ে সাঁথিয়ায় গ্রামের বাড়িতে রেখে একাই ঢাকা আসেন। গতকাল তাঁর মৃত্যুর পর মালিকপক্ষের কেউ হাসপাতালে আসেননি বলে অভিযোগ করেন ফারুক। তিনি বলেন, তাঁর চাচার সঙ্গে একজন ঠিকাদার ছিলেন। মালিকপক্ষের লোকজন আসবেন—এই প্রতিশ্রুতি দিয়ে তিনিও চলে যান। লাশ পরিবহন বা ক্ষতিপূরণের জন্য তিনি কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেননি।
রাত আটটার দিকে কদমতলী থানার উপপরিদর্শক হাসনাত খন্দকার প্রথম আলোকে বলেন, পরিবারের তরফ থেকে শ্রমিক মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মালিকপক্ষের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। তাঁরা আসবেন বলে কথা দিয়েছেন। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ না পেলে নিহত শ্রমিকের পরিবার শ্রম আদালতে মামলা করতে পারে।