রাজধানীর সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত হওয়া স্বপন সিকদার (২০) নামের এক শ্রমিক গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশের অভিযোগ, ওই ভবনে কোনো নিরাপত্তাব্যবস্থা ছিল না।সবুজবাগ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেল চারটার দিকে উত্তর মানিকনগর পুকুরপাড় এলাকার একটি ভবনের ছয়তলার ঢালাইয়ের কাজ করছিলেন স্বপন। একপর্যায়ে তিনি পা ফসকে নিচে একটি টিনের ঘরের ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গতকাল ভোর চারটার দিকে চিকিৎ সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে সবুজবাগ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় এক নারী ওই ভবনটির মালিক। ভবনটির একেক তলা নির্মাণ করে ভাড়া দেওয়া হয় এবং বেশ কিছুদিন পরপর ওপরে অন্যান্য তলা নির্মাণ করা হয়। তাই, ওই ভবনে কোনো নিরাপত্তাব্যবস্থাই ছিল না।নিরাপত্তাব্যবস্থা না থাকার অভিযোগে কেন ভবনমালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি—জানতে চাইলে এসআই মাহাবুবুর বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূত্র জানায়, নিহত স্বপনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নূরাবাদ গ্রামে। বাবা নূর আলম। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়।স্কুলের ছাদ থেকে পড়ে নিহত: রাজধানীর পুরান ঢাকায় গতকাল বিকেলে একটি স্কুলের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। তাঁর পরনে কোনো কাপড় ছিল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে ওই ব্যক্তিকে স্থানীয় ওয়াহিদুর রহমান নামের একজন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন। ওয়াহিদুর রহমান সাংবাদিকদের বলেন, এলাকার সবাই ওই ব্যক্তিকে পাগল হিসেবেই জানে। তাঁর নাম কেউ জানে না। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তিনি খাজে দেওয়ান দ্বিতীয় লেন এলাকার একটি স্কুলের ওপর থেকে নিচে লাফিয়ে পড়েন। স্কুলটি চারতলা। তবে কোন তলা থেকে তিনি লাফ দিয়েছেন, তা তিনি জানেন না।