নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গতকাল শুক্রবার একজন নির্মাণশ্রমিক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে খিলগাঁও এবং মিরপুরে একজন তরুণ ও এক শিশুর অপমৃত্যু হয়েছে।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাবুদ্দিন বলেন, নির্মাণশ্রমিক দিলীপ (৪৫) গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন একটি ছয়তলা ভবনের ছাদে কাজ করছিলেন। হঠাৎ তিনি সেখান থেকে নিচে পড়ে যান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান ঝিলপাড়ের বাসা থেকে রকি হোসেনকে (১৭) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রকির বাবা মমিন মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে পাশেই শ্বশুরবাড়ি যান। বড় ছেলে রকি তাঁদের সঙ্গে না গিয়ে বাসায় টিভিতে বাংলাদেশ ও পাকিস্তানের খেলা দেখছিল। রাত ১১টার দিকে তাঁরা বাসায় ফিরে দেখেন, রকি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। খিলগাঁও থানার এসআই সুশঙ্কর পাল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রকি আত্মহত্যা করেছে। মিরপুর ১২ নম্বর এলাকার এক বাসার বাথরুমের দরজা ভেঙে বৃহস্পতিবার রাত আটটার দিকে শরীফুল ইসলাম (১২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানার এসআই দুলাল হোসেন বলেন, শরীফুল আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।