নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
রমনা এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে লিফট ওঠা-নামার ফাঁকা জায়গায় কাজ করার সময় ১০ তলা উচ্চতা থেকে তাঁরা নিচে পড়ে মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (২৫), মো. সায়েম (১৭) ও মো. জয়নুল (১৮)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রমনার আমিনাবাদ কলোনির পাশে বহুতলবিশিষ্ট একাধিক আবাসিক ভবন তৈরি করছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। সেখানে নির্মাণাধীন ১৪ তলা একটি ভবনে ওই দুর্ঘটনা ঘটে। ভবনটির ১০ তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল দুপুরে লিফট ওঠা-নামার ফাঁকা জায়গায় রড বাঁধা এবং ঢালাইয়ের জন্য কাঠামো তৈরির কাজ করছিলেন তিন শ্রমিক। ১০ তলা উচ্চতায় ঝালাই করা রডের ওপর বাঁশের মাচায় দাঁড়িয়ে তাঁরা কাজ করছিলেন। বেলা সোয়া দুইটার দিকে রড ভেঙে গেলে তাঁরা নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিদের সহকর্মী মো. সানি জানান, নিহত তিনজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তাঁরা সাত-আট মাস ধরে রূপায়ণের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।
নিহত ব্যক্তিদের একাধিক সহকর্মী বলেন, ওই তিনজন হেলমেট, বুট ও সেফটি বেল্ট ছাড়াই কাজ করছিলেন।
জানতে চাইলে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের এই প্রকল্পের প্রকৌশলী মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ঠিকাদারের মাধ্যমে ভবন নির্মাণকাজ করা হচ্ছে। ঠিকাদার কাজ বুঝিয়ে দিলে তাঁদের টাকা দেওয়া হয়। শ্রমিক নিয়োগ ও তাঁদের নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব ঠিকাদারের। তিনি প্রতিদিন সকাল নয়টায় কাজ শুরুর আগে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে রূপায়ণের পক্ষ থেকে শ্রমিকদের ‘ব্রিফ’ করেন।
শ্রমিকদের নিয়োগ ও নিরাপত্তার ব্যাপারে জানতে মো. লুৎফর রহমান ভবনটির নির্মাণকাজের ঠিকাদার মানিকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। মুঠোফোনে মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ফোরম্যান ইসমাইল শ্রমিকদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় দেখভাল করেন। দুর্ঘটনার সময় শ্রমিকদের নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল কি-না তিনি জানেন না। মানিক তাঁর প্রতিষ্ঠানের নাম বলতে রাজি হননি।
ফোরম্যান ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন, দুর্ঘটনার সময় শ্রমিকদের মাথায় হেলমেট বা কোমরে সেফটি বেল্ট ছিল না।
এ ব্যাপারে বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, মালিকপক্ষ আইন না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটে। তিনি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
২০০৬ সালের শ্রম আইনের ৭৮ক (১) নম্বর ধারা অনুযায়ী, ‘প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষ শ্রমিকগণের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ব্যতীত কাউকে কর্মে নিয়োগ করিতে পারিবে না এবং এই বিষয়ে মালিক কর্তৃক নির্ধারিত পন্থায় একটি রেকর্ড বুক সংরক্ষণ করিতে হইবে।’