নির্মাণাধীন ভবন থেকে শাবল পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর রমনার মীরবাগে নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে লোহার শাবল পড়ে রিয়া মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির মামা সাদ্দাম হোসেন গাজী প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রিয়া বাসার পাশে দোকানে যাচ্ছিল। এ সময় নির্মাণাধীন একটি ভবন থেকে একটি শাবল রিয়ার মাথায় পড়ে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে রিয়া মারা যায়।
রিয়ার বাবার নাম মো. এরশাদ ও মায়ের নাম লাইলি বেগম। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের দোহারে।
রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শিশুটির লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
গত ১৬ মার্চ রাজধানীর নিউ ইস্কাটনে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর থেকে মাথায় রড পড়ে রাব্বি আহমেদ ওরফে ইমন (২৬) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি তমা গ্রুপের এলজি পাওয়ার প্যাক যন্ত্রের চালকের সহকারী। উড়ালসড়কের ২৫২ ও ২৫৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।