নির্মাণাধীন ভবন ধসে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি কারখানার নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ২০ জন নির্মাণশ্রমিক আহত হন।
এলাকাবাসী ও কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সাহাবুদ্দিন (এমএস) স্পিনিং নামের একটি কারখানা আছে। ওই কারখানা কর্তৃপক্ষ আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় একটি মসজিদ ভবন নির্মাণ করছে। গতকাল ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা সাতটার দিকে বিকট শব্দে ওই ছাদ ধসে পড়ে। এতে চাপা পড়ে ২০ শ্রমিক আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এঁদের মধ্যে জালাল উদ্দিন, সাহাবুদ্দিন, আলমগীর হোসেন, নিমাই চন্দ্র, আজগর আলী ও সমলা বেগমকে শফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্মাণশ্রমিক নজরুল ইসলাম বলেন, কারখানার মসজিদের জন্য ভবন তৈরির কাজ চলছিল। গতকাল ছাদ ঢালাইয়ের জন্য ৫৫ জন শ্রমিক কাজ করছিলেন। কারখানার প্রশাসনিক কর্মকর্তা বিমল চন্দ্র রায় বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে ভবনটি ধসে পড়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদারের গাফিলতির জন্য ভবনের ছাদ ধসে পড়েছে। ভবনের নিচে ওয়াহিদুল ইসলাম (৩৮) নামের এক শ্রমিক চাপা পড়েন। তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি আন্ধারমাসিক এলাবায়।