নির্মাণাধীন ভবন ভাঙা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের তদারকিতে গতকাল শনিবার সকালে ভবনটি ভাঙার কাজ শুরু হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্ট গত ২৫ জুলাই লক্ষ্মীপুর জেলা জজ আদালতের জায়গায় নির্মাণাধীন ভবনটি ভেঙে ফেলতে জেলা প্রশাসককে আদেশ দেন। গণপূর্ত বিভাগ এবং পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল সকাল আটটা থেকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। এতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলার নির্বাহী হাকিম মো. আনিছুজ্জামান। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী নিজে ভাঙার কাজ তদারক করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির জন্য সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৫ সালের ৯ আগস্ট ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। তবে নির্মাণকাজ শুরু হলে তাতে বাধা দেন জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। পরে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত নির্মাণকাজ বন্ধ করে দেন।
গত ৬ জানুয়ারি আইনজীবীদের সঙ্গে আদালতের কর্মচারীদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং আদালত ভবনের কয়েকটি কক্ষে ভাঙচুর হয়। ১৩ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিন জেলা সার্কিট হাউসে এক সভায় তিনি আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনটি অপসারণের নির্দেশ দেন। তারপরও নির্মাণকাজ অব্যাহত থাকায় সুপ্রিম কোর্টের একজন কর্মচারী এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত ভবনটিকে অবৈধ বলে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি। শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ২৫ জুলাই আদেশ দেন। এতে দুই সপ্তাহের মধ্যে ভবনটি অপসারণ করে প্রতিবেদন দাখিলের জন্য লক্ষ্মীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ ভবনটি ভাঙার রায় দিয়েছেন। জেলা প্রশাসন ওই আদেশ বাস্তবায়ন করছে মাত্র।