নির্মাণাধীন ভবনের অংশ ধসে শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন বহুতল ভবনের অংশ ধসে পড়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভর্নমেন্ট মডেল গার্লস উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক জীবন কুমার শীল মারা যাওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা তিন ঘণ্টা সড়কে বসে অবরোধ করে। তারা অবৈধ ওই ভবনমালিকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।এ সময় শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ও সাবেরা ছোবহান বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবরোধে অংশ নেয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ইংরেজির শিক্ষক জীবন কুমার শীল গত সোমবার রাত সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ানো শেষে হালদারপাড়ার বাসায় ফেরার পথে নির্মাণাধীন বহুতল ভবন ‘লুৎফুর রহমান টাওয়ার’-এর সামনে এলে ভবনটির একটি অংশ তাঁর ওপর ধসে পড়ে। এ সময় তাঁর মাথা ও হাতে প্রচণ্ড আঘাত লাগে। তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। জীবন কুমার শীলের বাড়ি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর গ্রামে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সভাপতি আবদুস সামাদ, কমিউনিস্ট পার্টির সভাপতি সাজিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সংস্থার ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলি চৌধুরী, পিস ভিশনের সভাপতি শেখ জাহাঙ্গীর। বেলা ১১টা পর্যন্ত তারা ওই সড়ক অবরোধ করে রাখে।জেলা প্রশাসক আবদুল মান্নান ও পুলিশ সুপার জামিল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে ভবনমালিকসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। তবে স্কুলশিক্ষক জীবন কুমার শীলের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে বলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে।