
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের টরকী-চেঙ্গুটিয়া খালের সাদ্দাম বাজার এলাকায় বিএনপির স্থানীয় এক নেতা ভবন নির্মাণ সম্পন্ন করার পর কাছেই আওয়ামী লীগের এক নেতা ভবন নির্মাণ শুরু করেন। এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর গতকাল শনিবার সকালে আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভবনটির একাংশ ভেঙে দিয়েছে প্রশাসন। তবে বিএনপির নেতার নির্মিত ভবনটি অক্ষত রয়েছে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদ, সার্ভেয়ার মো. খলিলুর রহমান, নাজির মো. আলাউল হোসেন একদল পুলিশ নিয়ে সাদ্দাম বাজারে অভিযান চালান। এ সময় তাঁরা আওয়ামী লীগের নেতা খোকন হাওলাদারের নির্মাণাধীন ভবনটির আংশিক ভেঙে দেন এবং অবশিষ্ট অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলার নির্দেশ দেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ভবনটির দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু পিলার ও বিম এখনো রয়ে গেছে। কাছেই বিএনপির নেতার ভবনটি অক্ষত রয়েছে।
খোকন হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার বলেন, ‘আমাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং বিএনপির নেতার স্থাপনা এখনো অক্ষত রয়েছে। এটা একধরনের বৈষম্য।’
শরীফ আহম্মেদ বলেন, কে কোন দলের, তা বিবেচ্য বিষয় নয়। সরকারি খাল দখলমুক্ত করতে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। নির্মাণাধীন ভবনটির আংশিক গুঁড়িয়ে দিয়ে বাকিটুকু দখলদারকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্মিত ভবনটি অপসারণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।