নির্মাণাধীন ভবনের কারণে পাশের ভবনে ফাটল
রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কারণে পাশের ছয়তলা আবাসিক ভবনে ফাটল দেখা দিয়েছে। আবাসিক ভবনের বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের প্রকৌশলীকে কয়েকবার বলার পরও ফাটল রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি।
গত শুক্রবার সরেজমিন দেখা যায়, ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির নিচতলায় সীমানাপ্রাচীরের ভেতরে মেঝেতে একাধিক ফাটল। একটি ফাটল সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া। নিচতলাটি মূলত গাড়ি রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয়। প্রাচীরের অন্য পাশে ২৭ নম্বর প্লটে ১২ তলা বহুতল ভবনের পাইলিংয়ের কাজ চলছে। প্রায় ২০ ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছে পাইলিংয়ের জন্য।
ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আমিন অভিযোগ করেন, প্রায় দেড় মাস আগে ফাটল দেখা দিলে প্রকৌশলীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। তাঁরা ব্যবস্থা নেননি। গত তিন দিনে ফাটল বেড়ে ভেতরের দিকে চলে আসায় সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়েছে। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, ফাটল বাড়তে থাকলে ভবন হেলে পড়তে পারে।
নির্মাণাধীন ভবনটির নির্মাণ প্রতিষ্ঠান অ্যালিয়েন্স প্রোপার্টিস। প্রতিষ্ঠানের প্রকৌশলী শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘ভবনের মূল কাঠামোতে ফাটল দেখা দেয়নি। পাইলিংয়ের কারণে পাশের ভবনের যেন ক্ষতি না হয় সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ফাটল দেখা দেওয়া ভবনে পরিবার নিয়ে থাকেন লেখক ও পরিবেশ আন্দোলনের নেতা সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘বহুতল ভবনের মালিক ব্যবস্থা নিয়েছেন বটে। কিন্তু বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ভয়াবহ ক্ষতি হতে পারে।’