নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মুন্নুনগর এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ থেকে ইট পড়ে আবদুর রহমান সুজন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আবদুর রহমান ব্যবসায়ী মো. ফারুকের ছেলে। সে মুন্নু টেক্সটাইলস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্নুনগর এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের ছাদ থেকে একটি ইট পথচারী আবদুর রহমানের মাথায় পড়ে। আশপাশের লোকেরা তাকে টঙ্গীর আবেদা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় আবদুর রহমানের মৃত্যু হয়। নির্মাণাধীন ভবনের মালিক মাছিমপুর কো-অপারেটিভ সোসাইটি। পুলিশকে ঘটনা জানানো হলেও নিহতের বাবা এ ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেবেন না বলে জানান। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবার ও ভবন মালিক সমিতির সদস্যদের মধ্যে সমঝোতা করে দেন। এ ব্যাপারে নিহতের বাবা মো. ফারুক বলেন, দুর্ঘটনাবশত তাঁর ছেলে নিহত হয়েছে। তাই এ ব্যাপারে আইনি ঝামেলায় জড়াবেন না।