নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বগার বিল এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শের আলী (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শের আলী বগার বিল এলাকায় নির্মাণাধীন ছয় তলা ভবনের ছাদে রড ওঠানোর কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে ভবনে কর্মরত অন্য শ্রমিক ও আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত শের আলীর বাড়ি পিরোজপুরে। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।