নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১০
ঢাকার সাভারের খাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘ড্যান্ড ফুড’ নামের একটি বিদেশি প্রতিষ্ঠান ছয়তলা ফাউন্ডেশন দিয়ে এক মাস আগে ভবন নির্মাণের কাজ শুরু করে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ করে ছাদ ধসে পড়লে নির্মাণসামগ্রীর নিচে চাপা পড়ে সেখানে কর্মরত ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নওগাঁর তারিক ও বিল্লাল হোসেন।
এনাম মেডিকেলে চিকিৎসাধীন তারিক ও বিল্লাল হোসেন জানান, গতকাল বিকেলে এক তলার ছাদ নির্মাণ না করেই দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। এই সময় ছাদের অর্ধেক অংশ ধসে পড়ে। এতে তাঁরাসহ আরও কয়েকজন আহত হন। সাভার থানার ওসি মোস্তফা কামাল নির্মাণাধীন ভবন ধসে শ্রমিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।