নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরতলির অম্বিকাপুরের গোবিন্দপুরে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পল্লিকবি জসীমউদ্দীন স্মৃতি কমপ্লেক্সের নির্মাণাধীন মিলনায়তন ভবনের ছাদ ধসে পড়ে ২১ জন শ্রমিক আহত হয়েছেন। নির্মাণশ্রমিক ইকবাল হোসেন জানান, চার দিন ধরে ওই কমপ্লেক্সের মিলনায়তন ভবনের একতলা ছাদের ঢালাই চলছিল। ইতিমধ্যে ছাদের অর্ধেকের বেশি অংশের ঢালাই শেষ হয়। ছাদটি ধসে পড়ার সময় ওপরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার জানান, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় আহত ২১ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য ১০ জনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর অবহেলা, সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতিসহ নানা কারণে ভবনটির ছাদ ধসে পড়েছে। ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ বলেন, ওই ছাদের অধিকাংশ অংশের ঢালাই গত চার দিনে শেষ হয়। কিন্তু সাটারিং ফেল করায় এ বিপর্যয় ঘটেছে। তিনি দাবি করেন, কাজের মান খুব ভালো হচ্ছে এবং তিনি সার্বক্ষণিক এর তদারকি করছেন।