রাজধানীর অদূরে আশুলিয়ার নরসিংহপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে গতকাল মঙ্গলবার এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত শ্রমিকের নাম আসাদুল মোল্লা (৩০)। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিহরপুর বালুপাড়া গ্রামে। আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংহপুরের শারমীন গ্রুপের ভেতর নির্মাণাধীন একটি একতলা ভবনের ছাদ হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত জলিল (৫০), উৎপল (৪০), আহাসান উল্লাহ (৩০) ও মাসুদকে (৪০) পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার সেনানিবাসের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ২০ বেঙ্গল রেজিমেন্ট ও তিন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অর্ধশতাধিক সদস্য প্রথমে উদ্ধার সরঞ্জাম দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেন। এতে কাজ না হওয়ায় ঘটনাস্থলে আনা হয় রেকার। এতেও কাজ না হওয়ায় বিকেল পৌনে পাঁচটার দিকে এক্সকাভেটর এনে রাতে অপসারণের কাজ সম্পন্ন করা হয়। এ সময় ধংসস্তূপের ভেতর থেকে নির্মাণশ্রমিক আসাদুলের লাশ উদ্ধার করা হয়।জানতে চাইলে ডিইপিজেড ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ভবনটির ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল। এ সময় অধিকাংশ শ্রমিক ছিলেন ছাদের ওপর। দুপুরে হঠাৎ ছাদ ধসে পড়ে। তিনি বলেন, ঢালাই করা অংশের পাথরের টুকরো ও সিমেন্টের মিশ্রণ না ঘটায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।