নির্মাণাধীন ভবনের লোহার টুকরা অতঃপর...
নগরের পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের লোহার টুকরা পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে পাশের ভবনের মালিক ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।গতকাল সোমবার বিকেলে নগরের নাসিরাবাদ সমাবেশ কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটির মালিক ইমতিয়াজ হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমার ভবনের ১৪ তলার ছাদের নির্মাণকাজ চলছিল। এ সময় লোহার একটি টুকরা পাশের তিনতলা ভবনের ছাদে গিয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বন্দুক নিয়ে এসে গুলি করেন। এতে ভয়ে শ্রমিকেরা সবাই পালিয়ে যায়।’ গতকাল রাতে এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এখন নামাজ পড়ছি। পরে কথা বলব।’ গুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, একটি ফাঁকা গুলি হয়েছে। তবে কেউ আহত হয়নি। রাত সাড়ে আটটা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।