নির্মাণাধীন ভবনের সানশেড ধসে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের উত্তর মধ্যম হালিশহরে নির্মাণাধীন দোকানের সানশেড ধসে দুই শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন মোহাম্মদ শাহজাহান (৫৫) ও মোসলেম উদ্দিন ওরফে বাবুল (৫০)। শাহজাহান ভোলার বালিয়া থানা এলাকার সুলতান আহমেদের ছেলে। মোসলেম লক্ষ্মীপুরের রামপুর থানা এলাকার সেকান্দর মিয়ার ছেলে। গুরুতর আহত অজ্ঞাতনামা অপর এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শওকত মোস্তফা জানান, জনৈক জসিম উদ্দিন মুন্সিপাড়া জোড়পুকুর এলাকায় একটি দোকানঘর নির্মাণ করছিলেন। গত শনিবার দোকানটির সানশেড ঢালাই করা হয়েছিল। সোমবার সকালে শ্রমিকেরা ওই সানশেডের নিচে সাটারিংয়ের বাঁশ সরিয়ে নিলে বিকট শব্দে সিমেন্ট আর কনক্রিটসহ সানশেডটি শ্রমিকদের ওপর পড়ে। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন বলে এসআই শওকত মোস্তফা জানান।