নির্মাণাধীন ভবনের সানশেড ভেঙে পড়ে দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের দৌলতপুর এলাকায় নির্মাণাধীন ভবনের সানশেড ভেঙে পড়ার ঘটনায় দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ভাইবোন। তারা হচ্ছে শিপন (১২) ও সানিয়া (দেড় বছর)। শিশু দুটি ওই সানশেডের নিচে বসে খেলছিল। তাদের বাবা বাদল মিয়া রিকশাচালক।

দুর্ঘটনায় রাজা মিয়া নামের এক ব্যক্তি আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশতাক আহমেদ।

মোশতাক আহমেদ বলেন, বাদল মিয়া নগরের বিয়ানা উত্তরপাড়ায় ইটের ঘর তৈরি করাচ্ছিলেন। কিন্তু ওই ঘরের পিলার ও সানশেড তৈরিতে রড ব্যবহার করা হয়নি। নির্মাণাধীন সানশেডের নিচে বসে খেলছিল বাদলের দুই সন্তান। কাছাকাছি ছিলেন বাদলের ভাই রাজা মিয়া। হঠাৎ সানশেড ভেঙে পড়লে ঘটনাস্থলে শিশু দুটি মারা যায়।