নির্মাণাধীন মার্কেটে তরুণীর অর্ধগলিত লাশ
গাজীপুর সদর উপজেলার যুগীতলা এলাকায় নির্মাণাধীন একটি মার্কেটের ছাদ থেকে গতকাল শুক্রবার মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত তরুণীর পরনে ছিল কালো ও ফিরোজা রঙের প্রিন্টের কামিজ, টিয়া রঙের সেমিজ ও কালো রঙের সালোয়ার।
এলাকাবাসী ও পুলিশ জানায়, যুগীতলার দক্ষিণপাড়ায় ঢাকা বাইপাস সড়কের পাশে একটি নির্মাণাধীন একতলা ভবনের মার্কেট থেকে গতকাল সকালে দুর্গন্ধ পান স্থানীয় লোকজন। তাঁরা ওই মার্কেটের ছাদে গিয়ে কালো ওড়না দিয়ে মুখ বাঁধা এক তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তিন-চার দিন আগে ওই তরুণীকে সেখানে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। পরে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।