ছোট একটি সাইনবোর্ডে লেখা, ‘সাবধান, ম্যানহোল তৈরির কাজ চলিতেছে, ঢাকা ওয়াসা, ঢাকা।’ নির্মাণাধীন বিশাল আকৃতির ম্যানহোল হা করে আছে। চারদিকে রড, কিন্তু কোনো নিরাপত্তাবেষ্টনী নেই।
গত মঙ্গলবার নটর ডেম কলেজের দক্ষিণে টয়েনবি সার্কুলার রোডে সেগুনবাগিচা বক্স কালভার্ট এলাকা ঘুরে অন্তত তিনটি স্থানে এ রকম বিপজ্জনক গর্ত দেখা গেছে। বর্ষায় জলাবদ্ধতা কমানোর জন্য এসব ম্যানহোল তৈরি হচ্ছে।
টয়েনবি সার্কুলার রোডের শুরুতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ের সামনে একটি বড় ম্যানহোল নির্মাণ প্রায় শেষ করা হয়েছে। কিন্তু তার সামনে প্রধান সড়কের পাশে আরেকটি ম্যানহোল তৈরি হচ্ছে, যেটি প্রায় অরক্ষিত। প্রধান সড়কের পাশে সামান্য মাটি ফেলা।
এরই একটু পশ্চিমে ফুটবল ফেডারেশন ভবনের দিকে তৈরি হচ্ছে আরেকটি ম্যানহোল। সেখানেও একই অবস্থা।
দুপুর সাড়ে ১২টার দিকে তিতাস গ্যাস কার্যালয়ে যাওয়ার পথে নির্মাণাধীন ম্যানহোলের সামনে এসে হোঁচট খান আবদুস সবুর নামের একজন গ্রাহক। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, চলার পথে এ ধরনের অরক্ষিত খোলা গর্ত। একটু অসতর্ক হলেই সর্বনাশ। তিনি ছোট সাইনবোর্ডটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কর্তৃপক্ষ “সাবধান” বললেই কি দায়িত্ব শেষ?’
ম্যানহোলের পাশেই একটি চায়ের দোকান। চা-ওয়ালা বললেন, সন্ধ্যার পর রাস্তায় বাতি না থাকলে খোঁড়া গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। তাঁর দোকানের সামনের গর্তে জালি দেওয়া হয়েছে। তাই রক্ষা। কিন্তু পাশের গর্তে পড়লে রক্ষা নাই।
চা খেতে খেতে বিপজ্জনক গর্তের আলাপই করছিলেন চার ব্যক্তি। আরামবাগ এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি লোকমান হোসেন বললেন, ‘১৬ বছর ধাইরা এই এলাকার কাণ্ড কারখানা দেখতাছি। এইখানে খাল আছিল, সেগুনবাগিচা খাল। সেই খাল ভইরা বাক্স ড্রেইন (বক্স কালভার্ট) বানাইল। সেই ড্রেইনের ভিতরে ভইরা আবর্জনা গেল। এখন আবার খুঁড়তাছে।’
ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বক্স কালভার্ট ভরাট হয়ে যাওয়ায় আরামবাগ, ফকিরেরপুল, নয়াপল্টন এমনকি শান্তিনগর এলাকায়ও জলাবদ্ধতা হয়। এর প্রতিকারে কালভার্ট পরিষ্কারের কাজ চলছে। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিষ্কার করার কাজে প্রতি মাসে গড়ে সাত টন আবর্জনা ওঠানো হচ্ছে। জলাবদ্ধতা কমাতে নতুন ম্যানহোলও হচ্ছে। তিনি বলেন, গর্ত করা এবং ম্যানহোল তৈরির কাজটি ঢাকা ওয়াসার হলেও কাজ করছে ঠিকাদার। ঠিকাদারদের বলা হয়েছে, এ ধরনের কাজে পথচারীদের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে।