নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে সজীব (১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সজীবের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে বলে জানা গেছে। শুক্রবার দুপুরের পর রামপাল উপজেলার সাপমারী-কৈর্গদাসকাঠি মৌজায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।

নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু বলতে চাননি।

একই দুর্ঘটনায় আরও অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের লোহার রড ইলেকট্রিক মেশিনের মাধ্যমে কাটার সময় এক শ্রমিক শর্টসার্কিটের মাধ্যমে বিদ্যুতায়িত হন। এ সময় আরও দুই শ্রমিক তাঁকে ছাড়াতে গিয়ে আক্রান্ত হন। পরে অন্যরা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।’

চিকিৎসাধীন অবস্থায় সজীব নামের এক শ্রমিকের মৃত্যুর খবর শুনেছেন জানিয়ে তিনি বলেন, নিহত শ্রমিকের মরদেহ খুলনার সোনাডাঙা মডেল থানা উদ্ধার করেছে। নিহত ওই শ্রমিক ভারত-বাংলাদেশ মৈত্রী ফ্রেন্ডশিপ কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে প্রকল্প এলাকায় একটি শেডের নির্মাণকাজ করছিলেন। তবে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টা পর্যন্ত সংশ্লিষ্টরা থানা-পুলিশকে কিছুই জানায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিহত সজীবকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহত শ্রমিকদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি বলে তারা জানায়। তবে আহত শ্রমিকদের মধ্যে একজনের বয়স ১৬ বছর বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে রাতে রামপাল বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক (গণসংযোগ) আনোয়ারুল আজিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের নিয়োগকৃত স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুলতান মাহমুদ মুঠোফোনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমার হাতে নেই। আমি আহত শ্রমিকদের চিকিৎসাসেবা নিয়ে খুলনায় ব্যস্ত আছি।’ বিষয়টি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দেখছেন বলে ফোনের লাইনটি কেটে দেন তিনি।