নির্মাণাধীন সেতু ঝুঁকিতে ফেলে চলছে বালু উত্তোলন
বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়িতে বাঙ্গালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর দুই পাশ থেকে এক ইজারাদার নিয়ম লঙ্ঘন করে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদীভাঙনে সেতুর পিলার দেবে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া নদীর বিভিন্ন স্থান থেকে ইজারা ছাড়াই কয়েক ব্যক্তি বালু তুলছেন বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে সম্প্রতি এলাকাবাসীর পক্ষে দুই ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বথুয়াবাড়ি মৌজার বাঙ্গালী নদীতে প্রায় তিন একর করে সরকারি দুটি বালুমহাল রয়েছে। চলতি অর্থবছরে আশরাফউদৌলা নামের এক ব্যবসায়ী প্রায় ১৩ লাখ টাকায় বালুমহাল দুটি ইজারা নেন। বালুমহাল দুটির মাঝপথ দিয়ে ২০১১ সাল থেকে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ১৪৮ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ চলছে। এই সেতুর দুই পাশে বালুমহালের এক কিলোমিটার দূরে চর কেটে বালু তোলার কথা। কিন্তু ইজারাদার সেই নিয়ম লঙ্ঘন করে ১০ মাস ধরে সেতুর দুই পাশে ১০০ মিটার দূর থেকেই শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে নদীর গভীর থেকে বালু তুলছেন।এ ছাড়া বাঙ্গালী নদীর ঝাঝর ও রাঙ্গামাটি এলাকা থেকে এলাঙ্গী ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিলচাপড়ি সেতুর কাছ থেকে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নাজনিল নাহারের বোনের ছেলে উৎসব মিয়া, পেচিবাড়ী থেকে হাসানুল করিম, জয়শিংঘাট এলাকা থেকে নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাসান আলী, ফারুক হোসেনসহ একাধিক ব্যবসায়ী ইজারা ছাড়াই অবৈধভাবে বালু তুলছেন। জয়শিংঘাট এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করতে রায়হান নামের এক ব্যক্তি ও পেচিবাড়ী এলাকা থেকে উত্তোলন বন্ধ করতে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য বুল্টন মিয়া ২৫ মার্চ সকালে পৃথকভাবে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। দুটি বালুমহালের ইজারাদার আশরাফউদৌলা বলেন, ‘নদীর চর থেকে বালু কেটে বিক্রি করে লোকসান হচ্ছে। শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু উত্তোলন নিষেধ থাকলেও বাধ্য হয়ে তুলতে হচ্ছে। তবে বালুমহালের সীমানার বাইরে থেকে উত্তোলন করা হচ্ছে না। আমরা মহাল ইজারা নিয়ে বালু তুলছি। অন্যরা নদীর বিভিন্ন স্থান থেকে ইজারা না নিয়েই অবৈধভাবে বালু তুলছেন।’ ইজারা না নেওয়ার কথা স্বীকার করে রাঙ্গামাটি এলাকার বালু উত্তোলনকারী এলাঙ্গী ইউনিয়নের মাসুদ রানা বলেন, ‘ধুনট এলাকা থেকে নয়, শেরপুর উপজেলার মধ্যে থেকে বালু তুলছি।’ধুনট উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল রশিদ জানান, সেতু থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। এতে নির্মাণাধীন সেতুর ক্ষতির আশঙ্কা রয়েছে। ইউএনও ফিরোজ শাহ বলেন, নদীর চর কেটে বালু তোলার অনুমতি থাকলেও যন্ত্র দিয়ে বালু উত্তোলনের অনুমতি নেই। কয়েক দিনের মধ্যে এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।