নির্মাণাধীন সেতু সরিয়ে নেওয়ায় এলজিইডির বিরুদ্ধে মামলা
ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে দরপত্রের কার্যাদেশ দেওয়া একটি সেতু সরিয়ে অন্যত্র করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীর পক্ষ থেকে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ চারজনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে।
এই কাজের ওপর নিষেধাজ্ঞা চেয়ে এলাকার আট ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে গত ২৯ মে মামলাটি করেন। ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী জজ আদালত মামলাটি আমলে নিয়ে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, জানতে চেয়ে আসামিদের কারণ দর্শানোর নোটিশ দেন।
মামলার আইনজীবী ও আরজি সূত্রে জানা যায়, নলছিটির ষাটপাকিয়া ফেরিঘাট সড়ক থেকে মগর ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সংযোগ সড়কে কাঠিপাড়া গ্রামে সেতুটি নির্মাণের পরিকল্পনা করা হয়। তাই পুরোনো জরাজীর্ণ সেতুটি ভেঙে ২৪ মিটার দীর্ঘ একটি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার ঠিকাদার এমটি বিল্ডার্সকে গত ২৯ মার্চ এই কাজের কার্যাদেশ দেন। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৮৩ দিনের মধ্যে কাজটি শেষ করার নির্দেশনা দেওয়া হয়। এরপর ঠিকাদার ১৪ মে নির্ধারিত স্থানে সেতু নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু অজ্ঞাত কারণে পার্শ্ববর্তী ভৈরবপাশা ইউনিয়নের পাটনি বাড়িসংলগ্ন মোজাফ্ফর আলীর বাড়ির কাছের খালের ওপর নির্মাণাধীন সেতুটির স্থান পরিবর্তন করা হয়। মামলার আরজিতে উল্লেখ করা হয়, এখানে আগেই একটি ভালো সেতু ছিল। সেটি ভেঙে ইতিমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এ ঘটনায় বাদীপক্ষ মামলা দায়ের করলে আদালতের বিচারক এ আদেশ দেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মাহবুব আলম কবির বলেন, ‘এলজিইডি কার্যাদেশ পরিবর্তন করতে গিয়ে এক ইউনিয়নের কাজ অন্য ইউনিয়নে নিয়ে গেছে। আমরা কাজের ওপর নিষেধাজ্ঞা চেয়েছি। আদালত বিবাদীদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
এ বিষয়ে ঠিকাদার কামাল শরিফ বলেন, ‘আমাকে এলজিইডি যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কাজ করব।’
ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার এ বিষয়ে বলেন, ‘যে স্থানে সেতুটি হওয়ার কথা, সেখানে নদীভাঙনের হুমকি থাকায় অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেতু অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছি। যেখানে সেতুটি হচ্ছে, সেটিও একই সড়কের সঙ্গে সংযুক্ত।’ কার্যাদেশ দেওয়ার পর কাজের স্থান পরিবর্তনের সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের প্রয়োজনে এটা করা যেতে পারে।’