নির্মাণাধীন সেতুতে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সুরিয়া নদীতে নির্মাণাধীন একটি সেতুর এক-চতুর্থাংশের ঢালাই ধসে পড়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ওই সেতুটি নির্মাণ করছে মেসার্স সাইফুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, বর্ষা মৌসুমে সেতুর নির্মাণকাজ করায় এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেতুটি ঢালাই দেওয়ার পর ধসে পড়েছে। তবে এলজিইডি অভিযোগ অস্বীকার করে বলে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। নদীর স্রোতের কারণে সেতুর কিছু অংশ ধসে পড়েছে।

এলাকাবাসী ও এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা-কিল্লাতাজপুর সড়কে সুরিয়া নদীর ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয় কয়েক মাস আগে। তৃতীয় ধাপের সাড়ে ৭ মিটার অংশের পাইলিংয়ের কাজ করার পর গত শুক্রবার ঢালাই দেওয়া হয়। এর পরপরই তা ধসে পড়ে।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এটি ধসে পড়েছে। তা ছাড়া সেতুতে কী ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে, তা সেতু নির্মাণ এলাকায় সাইনবোর্ডে প্রদর্শনের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। আর বর্ষায় না করে শুকনা মৌসুমে সেতুটি করা হলে ভালো কাজ হতো বলেও মনে করেন স্থানীয় ব্যক্তিরা।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ফেসবুকের নিজের পেজে লেখেন, অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ঢালাই করার পর সেতুটি ভেঙে পড়ে।

মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর উদ্দিন বলেন, ‘শুরু থেকেই এ সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। বিষয়টি আমরা একাধিকবার বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

এলজিইডির গৌরীপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ অবশ্য দাবি করেন, নির্মাণকাজে নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। নদীর স্রোতের কারণে বেইজ (নির্মাণাধীন সময়ে দেওয়া অস্থায়ী খুঁটি) সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নতুন করে আবারও ওই অংশ নির্মাণ করা হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজটি দেখভালের দায়িত্বে থাকা মো. শাহজাহান বলেন, সরকারি সব নির্দেশনা মেনেই কাজটি করা হচ্ছে। এতে কোনো গাফিলতি নেই।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদ বলেন, সেতু ধসে পড়ার খবরটি শুনে প্রকৌশলীকে খরব দিয়ে আনা হয়েছিল। তিনি বলেছেন, স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। একই টাকা বরাদ্দের মধ্যে ঠিকাদার আবারও কাজটি নতুন করে করে দেবেন। তিনি আরও বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না।’