
ঝালকাঠির বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুরে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসটি উদ্ধারের চেষ্টা করছিলেন। দুর্ঘটনাকবলিত বাসের ভেতর আরও লাশ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহন কোম্পানির রুপম নামের একটি যাত্রীবাহী বাস গতকাল বেলা দেড়টায় খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ি নামক স্থানে পৌঁছালে চালক নির্ধারিত বিকল্প রাস্তায় না গিয়ে নির্মাণাধীন সেতুর ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন। বাসটি তৎক্ষণাৎ ৩০-৩৫ ফুট নিচে খাদে পানিতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদে পড়ার পর বাসটিতে আটকে পড়া যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলেই মারা যান তিনজন। পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে তাঁরা মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসচালকেরা জানিয়েছেন, সেতু এলাকায় চালকদের সতর্কতামূলক কোনো নির্দেশনা ছিল না। এ ব্যাপারে চেষ্টা করেও সড়ক ও জনপথের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান সাতজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। বাকি একজনের মৃত্যুদেহ দুর্ঘটনাস্থলেই রাখা ছিল। নিহত এসব ব্যক্তির চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন বরিশালের আইনজীবী মুকুল রঞ্জন সিংহ (৬০), মেহেন্দিগঞ্জের আবুল কালাম (৪৫), পটুয়াখালীর লেবুখালির শাওন (৩৫) ও তাঁর স্ত্রী কুলসুম (২৬)। অপর নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি রয়েছেন জুলফিকার, হাফিজুল, রেজাউল, হায়দার, আতিক, আবু মালেক, নওশের, শাহ আলম, আইয়ুব আলী। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন নিহত শাওনের মা শিরিন আক্তারসহ চারজন। অন্যদের পরিচয় জানা যায়নি।