নির্মাণাধীন সেতুর গার্ডার বাসের ওপর, নিহত ১

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর-পুরান মহিপুর পয়েন্টে সোনাতলা নদীর ওপর নির্মাণাধীন শেখ জামাল সেতুতে গার্ডার বসানোর সময় তা পড়ে ফারুক আকন (৪৫) নামের এক বাসযাত্রী নিহত ও আরও চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার পুরান মহিপুর ফেরিঘাটে খুলনাগামী একটি বিআরটিসি বাসের ওপর গার্ডারটি পড়ে যায়।
আহত ব্যক্তিরা হলেন লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীবাজারের আকলিমা বেগম (২৫), মহিপুর বন্দরের ব্যবসায়ী জগদীশ ঘোষ (৫০), ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামের মো. ইসমাইল হোসেন (৩৫) ও খুলনার ফিরোজা বেগম (৩০)। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আকলিমা ও জগদীশের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে শেখ জামাল সেতুর পুরান মহিপুর অংশের পূর্ব পাশের একটি গার্ডারের দুই দিকে হাইড্রোলিক জ্যাক লাগিয়ে শ্রমিকেরা তাতে রাবার লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত গার্ডারটি নিচে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের ছাদের ওপর পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী ফারুকসহ অন্যরা গুরুতর আহত হন। এ সময় ফারুককে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমেদ খান অভিযোগ করে বলেন, সেতুর কাজের সঙ্গে জড়িত শ্রমিকেরা সাবধান হয়ে কাজ করেন না। এ নিয়ে সংশ্লিষ্টদের অনেকবার বলা হয়েছে। কিন্তু, তারা কখনোই তা শোনেনি।
সেতুর দায়িত্বপ্রাপ্ত সেকশন অফিসার (এসও) হুমায়ুন কবীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগের কুয়াকাটা উপবিভাগের প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, দুই পাশে দুটি জ্যাক লাগিয়ে তুলে শ্রমিকেরা গার্ডারটিকে রাবার বিয়ারিংয়ের ওপর বসাচ্ছিলেন। এ সময় একটি জ্যাক ভেঙে দুর্ঘটনা ঘটে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিএলের প্রকৌশলীর উপস্থিতিতে কাজটি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
এমবিএলের প্রকল্প ব্যবস্থাপক প্রণব সাহা বলেন, ‘আমাদের নিজস্ব প্রকৌশলীর উপস্থিতিতে গার্ডারটি বসানোর কাজ চলছিল। কিন্তু, ১০০ টন ওজনের একটি গার্ডার এক দিকে কাত হলে, তা ঠেকানোর সুযোগ থাকে না। তা ছাড়া যান্ত্রিক ত্রুটি হলে তা বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।’