নির্মাণাধীন সেতুর দুটি পিলার দেবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুনটে বিলচাপড়ি এলাকায় বাঙ্গালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর নিচ থেকে বালু উত্তোলন করায় সেতুর দুটি পিলার দেবে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনকারী উপজেলার বিলচাপড়ি গ্রামের মুকুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে (২৮) আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি বাঙ্গালী নদীর ওপর প্রায় আট কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে। বগুড়া মাসুমা কনস্ট্রাকশন ২০০৯ সাল থেকে সেতুর নির্মাণকাজ করছে। এই সেতুর ১৪টি পিলারের মধ্যে ১২টির কাজ শেষ হয়েছে। নদীর মাঝখানে দুটি পিলারের কাজ চলছে। এ সেতু ও রাস্তার নির্মাণকাজে বালু সরবরাহের জন্য রবিউল ইসলাম নির্মাণাধীন এই সেতুর নিচ থেকে প্রায় এক বছর ধরে শ্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এ ছাড়া নদীর পূর্ব পাড়ে সেতু থেকে পাকা রাস্তা পর্যন্ত ১৮০ মিটার রাস্তার মাটি ভরাটের জন্যও নদী থেকে বালু উত্তোলন করেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর নিচ থেকে প্রচুর পরিমাণ বালু উত্তোলন করায় নদীর মধ্যে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে নির্মাধীণ সেতুর দুটি পিলার ছয় ইঞ্চি পরিমাণ দেবে গেছে। গত কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত পিলার দুটি নতুন করে করতে হচ্ছে। এ খবর পেয়ে ধুনট থানার পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বালু উত্তোলনকারী রবিউল ইসলামকে গত বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে আটক করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।রবিউল ইসলাম বলেন, ‘উপজেলা প্রকৌশলী মোস্তাক হোসেনের সঙ্গে চুক্তি করে তাঁর দেখিয়ে দেওয়া জায়গা থেকে আমি বালু উত্তোলন করেছি।’ ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি) তোজাম্মেল হক বলেন, সেতুর কাছ থেকে বালু উত্তোলন করার জন্য উপজেলা প্রকৌশলীর অনুমতি ছিল। রবিউলকে আটক করার পর তিনি মোবাইল ফোনে তাকে ছেড়ে দিতে বলেছিলেন।উপজেলা প্রকৌশলী মোস্তাক হোসেন বলেন, নদীর স্রোতের গতিপথ পরিবর্তনের জন্য সেতুর কাছ থেকে বালু উত্তোলন করতে বলা হয়েছিল। বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হলেও সেতুর কোনো ক্ষতি হয়নি। অতিরিক্ত বৃষ্টির কারণে সেতুর পিলার দেবে যাওয়ায় গার্ডার বাকা দেখা যায়। এ কারণে ভেঙে নতুন করে কাজ করা হচ্ছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আতাউল গনি বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করায় রবিউল ইসলামকে অর্থদণ্ড করা হয়েছে। তবে উপজেলা প্রকৌশলীর অনুমতি ছিল কি না তা আমার জানা নেই।’