নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে ৫ শ্রমিক আহত
বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের নিকট হলহলিয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে পাঁচজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা ব্যক্তিরা হলেন, বেলাল হোসেন (৩০), রনজু মিয়া (৩১), লিয়াকত আলী (২৬), আবদুল মজিদ (৪৫) ও শহিদুল ইসলাম (৩৫)।
ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের কাছে হলহলিয়া নদীর ওপর ৪০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রস্থ একটি ঢালাই সেতুর জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে শাহাদত হোসেনের মেসার্স মোল্লা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজের দায়িত্ব পায়। গত দুই মাস ধরে নদীর তলদেশ থেকে ৩০ ফুট উঁচু বাঁশের তৈরি খুঁটির ওপর স্টিল শিটের পাটাতন দিয়ে শাটার তৈরি করা হয়। গতকাল শুক্রবার সকাল থেকে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন। এরপর দুপুর পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ঢালাইয়ের কাজ হয়। একসময় বেলা দুইটার দিকে বাঁশের খুঁটির ওই শাটারটি ভেঙে শ্রমিকেরা নিচে চাপা পড়ে আহত হন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।
নির্মাণাধীন সেতুর শ্রমিকদের সর্দার মোক্তার হোসেন বলেন, ‘১০ ফুট করে বাঁশের তিনটি অংশ জোড়া দিয়ে ৩০ ফুট উঁচুতে শাটার করা হয়। নির্মাণসামগ্রীর অতিরিক্ত ওজনে বাঁশের খুঁটিগুলো ভেঙে পড়ে।’
ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, ঢালাইকাজের শাটারের খুঁটিগুলো স্টিল কিংবা লোহা দিয়ে তৈরির কথা ছিল। কিন্তু ঠিকাদার স্টিল কিংবা লোহার পরিবর্তে বাঁশের তৈরি খুঁটি ব্যবহার করেন। এ কারণেই দুর্ঘটনা ঘটে।
ঠিকাদার শাহাদত হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বৃষ্টি হয়ে শাটারের নিচে পানিতে ভরে যায়। পানি বেশি হওয়া শাটারের নিচের অংশে তেমন করে চেক করা যায় নাই। এ কারণে কয়েকটি শাটারের গোড়ালি ধসে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।’
ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম বলেন, ‘আগে থেকেই ঠিকাদারকে কাঠ বা স্টিলের শাটার দিয়ে ঢালাইয়ের কাজ করতে বলা হয়েছিল। কিন্তু ঠিকাদার বাঁশের খুঁটি দিয়ে শাটার তৈরি করেছেন। এ কারণে ঢালাইকাজ চলাকালে হঠাৎ করে শাটার ভেঙে পড়ে এ ক্ষয়ক্ষতি হয়েছে।’