নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি) পদ্ধতিতে রাজধানীর আশপাশের তিনটি সড়ক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া-ভিত্তিক গুনাং ক্যাপিটাল বিএইচডি।মালয়েশিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির এক প্রতিনিধিদল গতকাল রোববার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে এ আগ্রহ প্রকাশ করে। সড়ক তিনটি হলো: ঢাকা বাইপাস সড়ক, টঙ্গী-ডেমরা রিং রোড, কেরানীগঞ্জের বালিয়ারপুর-রুহিতপুর-বরভিটা সড়ক। জয়দেবপুর-ভুলতা-মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস সড়কটি বর্তমানে দুই লেনের। ৪৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কের পাশে আরও দুই লেন করার আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়ার প্রতিনিধিদলটি। এই প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৫৮৮ কোটি টাকা। টঙ্গী-ডেমরা পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগের তীর ঘেঁষে সড়ক আছে। কিন্তু সেটি পূর্ণাঙ্গ নয় এবং ভাঙাচোরা। এটিকে পূর্ণাঙ্গ রিং রোডে পরিণত করতে চায় গুনাং ক্যাপিটাল। ২৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির ব্যয় ধরা হয়েছে ২৭৬ কিলোমিটার। বৈঠক সূত্র জানায়, মালয়েশিয়ার প্রতিনিধিদলটি প্রথম পর্যায়ে এই দুটি প্রকল্প করার আগ্রহ দেখিয়েছে। দ্বিতীয় পর্যায়ে করতে চায় বালিয়ারপুর-রুহিতপুর-বরভিটা সড়কটি। ১৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি টাকা। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে ঢাকার যানজট কমে যাবে। মালয়েশিয়ার প্রতিনিধিদলটি খুবই আগ্রহী। সরকারও এ ব্যাপারে দ্রুত এগোবে। যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এন এম সিদ্দিক বলেন, সরকারি-বেসরকারি বিনিয়োগে প্রকল্প বাস্তবায়নে একটি সেল খুলেছে সরকার। এই সেল বিস্তারিত পর্যালোচনা করবে। ২৯ জানুয়ারি আবারও মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের জন্য প্রস্তাব তৈরি করা হবে। মালয়েশিয়ার প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন গুনাং ক্যাপিটালের চেয়ারম্যান সৈয়দ আবু হুসাইন।