নির্মাণে ত্রুটি, রংপুরে দুই বিদ্যালয়ের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়তলা ভিত্তি দিয়ে নির্মাণকাজ শুরুর দুই মাস পর শিক্ষা ও প্রকৌশল বিভাগ কাজ বন্ধ করে দেয়। এরপর নতুন করে অন্য স্থানে আবারও কাজ শুরু করা হয়। নির্মাণকাজে ত্রুটি থাকায় প্রায় ২০ লাখ টাকা খরচ হওয়ার পর রংপুরের দুটি উচ্চবিদ্যালয়ে দুটি ভবন নির্মাণে এমনই ঘটনা ঘটেছে। ওই বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতির কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শিক্ষা ও প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত মার্চে সদর উপজেলার দুটি উচ্চবিদ্যালয়ে ছয়তলা ভিত্তি দিয়ে একতলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী শহরের কাচারি বাজারে অবস্থিত শিশুনিকেতন উচ্চবিদ্যালয় ও সদর উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের শাহবাজ উচ্চবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে কাজ দুটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মো. রবিউল আলম ও মেসার্স আহাম্মদ আলী। প্রতিটি বিদ্যালয় নির্মাণে ৭০ লাখ টাকা করে ব্যয় ধরা হয়েছে। দরপত্র অনুযায়ী দুই বিদ্যালয়ের দুটি ভবনেই তিনটি করে শ্রেণীকক্ষ, একটি সিঁড়ি ও বাথরুমের শেড নির্মাণ করার কথা।ঠিকাদার কাজ শুরু করার পর শিক্ষা ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এই দুটি বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ করে দেন। ভবন নির্মাণে আরসিসি ঢালাইয়ে পাথর ব্যবহার করার কথা থাকলেও ব্যবহূত হচ্ছিল ইট। এই নির্মাণকাজের তদারকির দায়িত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর কাছে এর জবাব জানতে চেয়ে নির্বাহী প্রকৌশলী চিঠিও দিয়েছেন। কিন্তু এর জবাব এখনো দেওয়া হয়নি। সরেজমিনে দেখা গেছে, শিশুনিকেতন উচ্চবিদ্যালয়ে ভবন নির্মাণের ভিত্তি দিয়ে এক তলার ছাদ করার মতো উপযোগী পিলার নির্মাণ হয়েছে। এতে প্রায় ১৪ লাখ টাকা ব্যয় হয়েছে বলে ঠিকাদার মো. রবিউল ইসলাম জানিয়েছেন। শাহবাজ উচ্চবিদ্যালয়ে ভিত্তি ঢালাই করা হয়। এখানেও ঢালাইয়ে ইট ব্যবহার করা হয়েছে। প্রায় আট লাখ টাকা এখানে ব্যয় হয়েছে বলে ঠিকাদারিপ্রতিষ্ঠান সূত্র জানায়।নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়ে নির্বাহী প্রকৌশলী অরুণ কুমার সিংহ গত ২৫ মে দুটি বিদ্যালয়ে পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে তিনি কাজ বন্ধের নির্দেশ দেন। বিভাগের সহকারী প্রকৌশলী মো. মেনহাজুল হক ভুলবশত এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন। তবে এই কাজ বন্ধ করে এর পাশে নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানান।শিশুনিকেতনের ভবন নির্মাণ ঠিকাদারিপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রবিউল আলম বলেন, শুরুতেই যদি দেখা হতো তাহলে এমন ঘটনা ঘটত না। এখন নতুন করে আবার কাজ শুরু হয়েছে। শাহবাজ উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণের ঠিকাদারিপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহাম্মদ আলীও একই কথা বলেন।নির্বাহী প্রকৌশলী অরুণ কুমার সিংহ বলেন, নির্মাণে ত্রুটি ছিল বলেই এ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণের শুরুতে তা বন্ধ করা হলো না কেন, এই বিষয়ে জানতে চাইলে বলেন, এটি একটি বড় ভুল হয়েছে।